চলতি সপ্তাহের বাকি দুই কার্যদিবসে শেয়ার কিনে বা ধরে রাখলেই ৪০ থেকে ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ পাওয়ার সুযোগ রয়েছে শেয়ারবাজারের দুই কোম্পানির বিনিয়োগকারীদের। কোম্পানি দুটি হলো পদ্মা অয়েল কোম্পানি ও শাহজীবাজার পাওয়ার কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য পদ্মা অয়েল ১৭০ শতাংশ এবং শাহজীবাজার পাওয়ার ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আগামী দুই কার্যদিবস অর্থাৎ ২৫ ও ২৬ নভেম্বর কোম্পানি দুটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। এরপর ২৯ নভেম্বর রেকর্ড ডেটের কারণে শেয়ার দুটির লেনদেন বন্ধ থাকবে। ফলে ঘোষিত লভ্যাংশ পেতে বিনিয়োগকারীদের ২৬ নভেম্বরের মধ্যে শেয়ার কিনতে হবে অথবা শেয়ার ধারণ করতে হবে।
রেকর্ড ডেটের পর শেয়ার কিনলে ঘোষিত লভ্যাংশ পাওয়া যাবে না। তবে রেকর্ড ডেটের আগে শেয়ার কিনে যোগ্যতা অর্জন করলে পরবর্তী সময়ে শেয়ার বিক্রি করলেও লভ্যাংশ পাওয়ার অধিকার বহাল থাকবে।
এদিকে, আগামী ২৫ ও ২৬ নভেম্বর ওরিয়ন ইনফিউশনের শেয়ারও স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। ২৯ নভেম্বর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
























