ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:০৩, ২১ নভেম্বর ২০২৬

৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ

 আগামী ৩০ নভেম্বরের পর ভারতের কলকাতা ও শিলিগুড়িতে পরিচালিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে আবেদন না করতে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।১৭ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

চুক্তির মেয়াদ শেষ হচ্ছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সেবা-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হবে। সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

ফলে প্রতিষ্ঠানটির পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটি ৩০ নভেম্বরের পর বর্তমান ঠিকানায় আর কার্যক্রম চালাবে না।

আবেদনকারীদের প্রতি অনুরোধ

সব ধরনের ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর ওই দুটি কেন্দ্রে আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ উপহাইকমিশন।

নতুন ভিসা সেন্টারের তথ্য পরে

নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।