ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

বৃষ্টি নিয়ে সুখবর নেই, তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৫৮, ২১ নভেম্বর ২০২৬

বৃষ্টি নিয়ে সুখবর নেই, তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। তবে এর প্রভাব এখনো কাটেনি বাংলাদেশে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে। এরপর এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়। শনিবার সকাল ৬টায় নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। পরে এটি লঘুচাপে পরিণত হয়ে ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবারের পূর্বাভাস

রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এই সময়ে প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়।