ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৪৫, ২২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ বন্ধে বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রণয়ন ও জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম নিয়ন্ত্রিত ফিডের প্রভাব মূল্যায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনবিদদের সমন্বয়ে স্বাধীন কমিটি গঠন করতে হবে। কমিটিকে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়ন করতে হবে।

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে চলতি মাসের শুরুতে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ফয়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় ১৬ বছরের কম বয়সী শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তিসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

তিনি আরও বলেন, অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বিধিনিষেধ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই জনস্বার্থে রিটটি করা হয়েছে।

রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলে জানতে চাওয়া হয়েছে, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। পাশাপাশি এ বিষয়ে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়টিও আদালতের নির্দেশনায় এসেছে।

সর্বশেষ