ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

‘স্ক্যাম সেন্টার’ ও পাচারে বিদেশিরা, অপরাধের নতুন ক্ষেত্র বাংলাদেশ

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৩১, ২১ নভেম্বর ২০২৬

‘স্ক্যাম সেন্টার’ ও পাচারে বিদেশিরা, অপরাধের নতুন ক্ষেত্র বাংলাদেশ

অনলাইন প্রতারণা, জুয়া, মাদক পাচার, সোনা চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন বিদেশি নাগরিকদের একটি অংশ। শুধু প্রচলিত অপরাধ নয়, বাংলাদেশে স্ক্যাম সেন্টার বা অনলাইন প্রতারণার কেন্দ্র গড়ে তোলার চেষ্টাও করছেন কয়েকটি দেশের নাগরিক। গত দুই বছরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ৬৩৩ নাগরিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের নাগরিক, ৩৪৬ জন। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও সোনাসহ বিভিন্ন পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার বিদেশিদের মধ্যে ভারতের পর রয়েছেন মিয়ানমারের ৬২, তাইওয়ানের ৬১, লাওসের ৩৫, পাকিস্তানের ২৪ ও চীনের ২২ জন। এ ছাড়া ভিয়েতনাম ও নেপালের একজন করে এবং নাইজেরিয়া, সোমালিয়া, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের ৮১ নাগরিক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা, ভুয়া ক্রিপ্টোকারেন্সি ও বিনিয়োগ প্রকল্প, স্ক্যাম সেন্টার পরিচালনা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, বিদেশি নাগরিকদের একটি অংশ পরিকল্পিতভাবে বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন। তাঁদের বেশির ভাগই ব্যবসা ও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছিলেন। কেউ কেউ অন অ্যারাইভাল ভিসায় এসে পরে অবৈধভাবে অবস্থান করছেন।

গ্রেপ্তার বিদেশিদের মধ্যে ১২৭ জন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

সীমান্ত থেকে বিমানবন্দর, নানা অপরাধে বিদেশিরা

গত ১১ নভেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকায় বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতর থেকে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। বিজিবি জানায়, তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৩৫টি গুলি ও দুটি দা উদ্ধার করা হয়। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

এর আগে গত ২৭ আগস্ট থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই ভারতীয় নাগরিককে ৫ কেজি ১২০ গ্রাম কুশ মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এর আগে ২২ আগস্ট ৩ কেজি কুশসহ একজন এবং ২৪ আগস্ট ৫ কেজি কুশসহ আরও দুজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৬ মাসে বিভিন্ন দেশের ২২ লাখ ৬৮ হাজার ৬৫ জন নাগরিক বাংলাদেশে এসেছেন। তাঁদের মধ্যে ১২৬ দেশের ৭ হাজার ৮৮ জনের ভিসার মেয়াদ শেষ হলেও তাঁরা বাংলাদেশে অবস্থান করছেন। এ তালিকায় সবচেয়ে বেশি ভারতের ২ হাজার ১৬৪ জন। এরপর চীনের ১ হাজার ৯৯৫ জন।

তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবস্থানকারী সবাই অপরাধে জড়িত, এমন নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের একটি বড় অংশ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁদের বেশির ভাগের অবস্থান ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধে জড়ানো বিদেশিদের অনেকেই ব্যবসা ও ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন। কেউ কেউ অন অ্যারাইভাল ভিসায় এসে মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যান। তাঁদের কেউ কেউ পাসপোর্ট নষ্ট করে ফেলেন। আবার পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) এবং মামলার দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে দেশে অবস্থান করেন।

বিদেশি নাগরিকদের অপরাধের ধরনও দিন দিন বিস্তৃত হচ্ছে। সোনা বা বিটকয়েনে বিনিয়োগ করে অল্প সময়ে বিপুল মুনাফার প্রলোভন, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব গড়ে বিদেশ থেকে দামি উপহার পাঠানোর প্রতিশ্রুতি এবং অনলাইনে সহজে আয়ের সুযোগ দেখিয়ে প্রতারণা করছে বিভিন্ন চক্র।

এ ছাড়া ব্যাংকের এটিএম বুথ ও ক্রেডিট কার্ড জালিয়াতি, অনলাইন ক্যাসিনো ও জুয়া, মাদক ব্যবসা, মোবাইল ব্যাংকিং প্রতারণা, জাল মুদ্রা তৈরি, অবৈধ ভিওআইপি ব্যবসা, সোনা চোরাচালান, অর্থ পাচার ও মানব পাচারের মতো অপরাধেও বিদেশিদের জড়িত থাকার তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়া কিছু বিদেশি নাগরিক অপরাধে জড়িয়ে পড়ছেন। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে তাঁদের কেউ কেউ আবার একই ধরনের অপরাধে জড়াচ্ছেন। এ ক্ষেত্রে তাঁদের পুনরায় আইনের আওতায় আনা হচ্ছে।

বাংলাদেশে স্ক্যাম সেন্টার গড়ার চেষ্টা

গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৭০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে স্ক্যাম সেন্টারের আদলে অনলাইন প্রতারণা পরিচালনার অভিযোগ রয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

এর আগে রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একই ধরনের চক্রের ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম ও কক্সবাজারের এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাঁরা বাংলাদেশে স্ক্যাম সেন্টার বা অনলাইন প্রতারণার কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে গিয়ে জিম্মি করার ঘটনায় সাম্প্রতিক সময়ে কম্বোডিয়া ও মিয়ানমারকেন্দ্রিক স্ক্যাম সেন্টারগুলো আলোচনায় এসেছে। এসব কেন্দ্রে কাজ করতে গিয়ে অনেক বাংলাদেশি নাগরিকও প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আহসান হাবীব পলাশ বলেন, বিদেশি একটি চক্র কিছু বাংলাদেশিকে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে স্ক্যাম সেন্টার বা প্রতারণাকেন্দ্র গড়ে তুলেছিল। ওই চক্রের সহযোগীরা এখন বাংলাদেশে এসে একই ধরনের কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নজরদারিতে রেখেছে।

আগের হিসাবেও বিপুলসংখ্যক বিদেশির অবৈধ অবস্থান

বাংলাদেশে বিদেশি নাগরিকদের অবৈধভাবে অবস্থান ও অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। পুলিশের বিশেষ শাখার (এসবি) আগের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত অপরাধমূলক কর্মকাণ্ডের বিভিন্ন মামলায় ৩৩ দেশের ৭২৬ নাগরিক আসামি হয়েছিলেন।

তাঁদের মধ্যে সবচেয়ে বেশি নাইজেরিয়ার ৯১ জন। এরপর পাকিস্তানের ২৮ ও ক্যামেরুনের ১৭ জন। ওই সময়ে ১৪ দেশের ১৩৭ নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বেশির ভাগের বিরুদ্ধে প্রতারণা, এটিএম কার্ড জালিয়াতি ও মাদক পাচারের অভিযোগ ছিল।

২০২৩ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৮৬ হাজার ৯৬২। তাঁদের মধ্যে ৪২ হাজার ৪২৯ জনের ভিসার মেয়াদ শেষ হয়েছিল। অবৈধভাবে অবস্থানকারীদের মধ্যে ৫ হাজার ৫৯৭ জন অন অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে এসেছিলেন। অন্যরা ব্যবসা, ভ্রমণ, শিক্ষা ও খেলোয়াড়সহ বিভিন্ন ধরনের ভিসায় এসেছিলেন।

কুরিয়ারে বিদেশে পাচার হচ্ছিল ওষুধ

বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ওষুধ পাচারের অভিযোগও রয়েছে। ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধ কুরিয়ারে বিদেশে পাচারের অভিযোগে গত ১৪ অক্টোবর রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। তাঁদের কাছ থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ওষুধ ও ছয় লাখ টাকা জব্দ করা হয়।

এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, চক্রটি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে কম দামে কেনা ওষুধ লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাচার করত। গ্রেপ্তার চীনা নাগরিক লি ফেন ৩০ দিনের পর্যটন ভিসায় বাংলাদেশে আসতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরে গিয়ে আবার নতুন ভিসায় বাংলাদেশে প্রবেশ করতেন।

বিনিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগেও বিদেশি নাগরিকদের গ্রেপ্তারের ঘটনা রয়েছে।

২০২৫ সালের জুলাইয়ে ঢাকার বসুন্ধরা ও পল্লবী এলাকা থেকে নাইজেরিয়ার দুই নাগরিক এবং তাঁদের বাংলাদেশি এক সহযোগীকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চক্রটি নিজেদের বিত্তবান বিদেশি পরিচয় দিয়ে বিনিয়োগে মুনাফা এবং বিদেশ থেকে দামি উপহার পাঠানোর প্রলোভন দেখাত। এভাবে শতাধিক ব্যক্তির কাছ থেকে ১৮ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। গ্রেপ্তার দুই নাইজেরীয় নাগরিকের ভিসার মেয়াদও শেষ হয়েছিল।

অন্যদিকে, অ্যামাজনের আদলে ওয়েবসাইট খুলে দিনে ২০ মিনিট কাজ করে মাসে ১৮ হাজার টাকা আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ২০২৩ সালের ৩ আগস্ট চট্টগ্রামের সাতকানিয়া থেকে চীনের দুই নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতারণার শিকার সাবেক এক সরকারি কর্মকর্তার করা মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়।

অপরাধ নিয়ন্ত্রণ ও প্রত্যাবাসনে জটিলতা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, অপরাধে জড়িত বিদেশিদের গ্রেপ্তার করলেও তাঁদের নিয়ন্ত্রণে রাখা এবং নিজ দেশে ফেরত পাঠানো কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ জামিনে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়াচ্ছেন। আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ পাসপোর্ট নষ্ট করছেন বা হারানোর জিডি করে দেশে অবস্থান করছেন। মামলার দীর্ঘসূত্রতার কারণেও তাঁদের বাংলাদেশে থাকার সুযোগ তৈরি হচ্ছে।

এ ছাড়া গ্রেপ্তার বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বাংলাদেশ সরকারকে বহন করতে হয়। এটিও প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি বড় বাধা।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ বলেন, বিদেশিদের অপরাধের মাত্রা এখনো চরম পর্যায়ে পৌঁছায়নি। তবে সরকারের নির্দেশনা পেলে অভিযান চালিয়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।