ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা, নেগেটিভ ইকুইটি সমন্বয়ে ৪ বছর সময় বৃদ্ধি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা, নেগেটিভ ইকুইটি সমন্বয়ে ৪ বছর সময় বৃদ্ধি

শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা আরও চার বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিষয়ে আবেদন করা প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত সময় পাবে। তবে এরই মধ্যে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের নির্ধারিত সময়সীমাই বহাল থাকবে।

সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে কমিশন। বিএসইসির নতুন নির্দেশনায় সময় বাড়ানোর পাশাপাশি নেগেটিভ ইকুইটি সমন্বয়, নতুন প্রভিশন সংরক্ষণ, মার্জিন ঋণ এবং নগদ ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।

প্রতি বছর সমন্বয় করতে হবে ২৫ শতাংশ

বিএসইসির আদেশ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতি অর্থবছরের শেষে ন্যূনতম ২৫ শতাংশ হারে তা সমন্বয় করতে হবে।

তবে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর পর নতুন করে কোনো নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লস সৃষ্টি হলে তার বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। নির্ধারিত তারিখের পর নতুন করে তৈরি হওয়া এসব লোকসান সংশ্লিষ্ট অর্থবছরেই সংরক্ষণ ও সমন্বয় করতে হবে।

নেগেটিভ ইকুইটির বিও হিসাবে নতুন শেয়ার কেনায় শর্ত

সময় বাড়ানোর পাশাপাশি নেগেটিভ ইকুইটিযুক্ত বিও হিসাবের পোর্টফোলিও পুনর্বিন্যাসের ক্ষেত্রেও শর্ত দিয়েছে বিএসইসি।

আদেশে বলা হয়েছে, এসব বিও হিসাবে বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে শুধু 'এ' ক্যাটাগরির শেয়ার কেনা যাবে। তবে এ ক্ষেত্রে কোনো নতুন মার্জিন ঋণ দেওয়া যাবে না। পাশাপাশি এসব হিসাবে ব্লক মার্কেটে লেনদেনও করা যাবে না।

সুদ ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি নেওয়া যাবে না

বিএসইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিও হিসাবগুলোতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি আরোপ করা যাবে না।

এ ছাড়া এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ ডিভিডেন্ড ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

আর্থিক বিবরণীতে তথ্য প্রকাশের নির্দেশনা

নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের তথ্য আর্থিক বিবরণীতে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুযায়ী যথাযথভাবে প্রকাশ করার নির্দেশনাও দিয়েছে কমিশন।

বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি করতেই সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে।

তবে নতুন আদেশের কোনো শর্ত লঙ্ঘন করা হলে কমিশন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শর্ত আরোপ, আদেশ সংশোধন, পরিবর্তন কিংবা বাতিল করতে পারবে।

সব মিলিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্তে নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের চাপ সামাল দিতে ব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংকাররা দীর্ঘ সময় পেলেও তাদের জন্য আরোপ করা হয়েছে বেশ কিছু কঠোর শর্ত। বিশেষ করে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ লোকসান সমন্বয়, নতুন মার্জিন ঋণ বন্ধ এবং নগদ ডিভিডেন্ড বিতরণে নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ