অধ্যাপক ড. মো. সোহেল রানা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. সোহেল রানা। আগামী ২ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. মো. সোহেল রানা ২০০৮ সালে রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বছরের ১৮ ডিসেম্বর তিনি ওই বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে ২০১৩ সালের জুনে সহকারী অধ্যাপক, ২০১৮ সালের ডিসেম্বরে সহযোগী অধ্যাপক এবং ২০২১ সালের মে মাসে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
এর মধ্যে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশনে রিসার্চ পাবলিকেশন ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট ও ভিজিটিং ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ড. মো. সোহেল রানার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে কন্ট্রোল থিওরি ও কন্ট্রোল অ্যাপ্লিকেশন, ন্যানো পজিশনিং, মেকাট্রনিকস এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার সমন্বয়। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ের পিয়ার-রিভিউড জার্নাল ও সম্মেলনে তাঁর ৭০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর মধ্যে সাতটি গবেষণাপত্র আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আইইইই ট্রানজ্যাকশন জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সম্মেলন ও বইয়ের অধ্যায়েও তাঁর গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে।
গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৫ সালে অস্ট্রেলিয়ান কন্ট্রোল কনফারেন্স, ২০১৭ সালে আইসিইইই এবং ২০২১ সালে আইইইই-ইএসসিআই সম্মেলনে সেরা গবেষণাপত্রের পুরস্কার অর্জন করেন। এছাড়া অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে উচ্চ প্রভাবসম্পন্ন জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্যও স্বীকৃতি লাভ করেন।
গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়েছে, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে আগামী ২ ডিসেম্বর থেকে দুই বছরের জন্য বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৩ সালের ১৯ জুলাই জারীকৃত বাংলাদেশ গেজেটে প্রকাশিত ২০০৩ সালের ৩২ নম্বর আইনের ২৫(২) ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।
























