ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ ৫ বাড়িতে আগুন

গ্রামবাংলা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ২৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ ৫ বাড়িতে আগুন

নেত্রকোণার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়ি, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেনের বাড়িসহ অন্তত পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা উপজেলার বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন।

এরপর নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ি গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আমেরিকাপ্রবাসী আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে বলেন, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এই ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যুবদল নেতাকে কুপিয়ে জখম এবং পরবর্তী হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

সর্বশেষ