দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো তালিকাভুক্ত হয়েছে জেন্ডার-লেন্স বা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নভিত্তিক অরেঞ্জ বন্ড। ‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’ নামের এই বন্ডের মাধ্যমে ৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে সাজেদা ফাউন্ডেশন। সংগৃহীত অর্থের প্রায় অর্ধেক খাদ্যনিরাপত্তা ও কৃষি খাতে এবং বাকি অর্থ ক্ষুদ্র উদ্যোগ, কর্মসংস্থান সৃষ্টি ও আবাসন খাতে নারীকেন্দ্রিক অর্থায়নে ব্যয় করা হবে।
তবে শুধু অর্থ সংগ্রহ নয়, বন্ডের অর্থ নির্ধারিত খাতে ব্যয় হচ্ছে কি না এবং এর মাধ্যমে কী ধরনের সামাজিক প্রভাব তৈরি হচ্ছে, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের নামে অতিরঞ্জিত দাবি বা গ্রিনওয়াশিং ঠেকাতে অর্থের ব্যবহার ও অর্জিত ফলাফল সম্পর্কে স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করতে হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে দেশের প্রথম অরেঞ্জ বন্ডের রিং দ্য বেল ও ক্লোজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ডিএসই, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মাসুদ খান বলেন, অরেঞ্জ বন্ডের মূল উদ্দেশ্য আর্থিক মুনাফা অর্জনের পাশাপাশি সমাজ ও পরিবেশে ইতিবাচক প্রভাব তৈরি করা। জলবায়ু পরিবর্তন ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সচেতনতা বাড়ায় বিনিয়োগের ক্ষেত্রেও এসব বিষয় গুরুত্ব পাচ্ছে। তবে অনেক সময় আর্থিক লাভ সামাজিক কল্যাণের উদ্দেশ্যকে ছাপিয়ে যায়। তাই বন্ড ইস্যুর সময় নির্ধারিত লক্ষ্য অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করতে হবে। লক্ষ্যগুলো পরিমাপযোগ্য হতে হবে এবং কতটুকু অর্জিত হয়েছে, তা বিনিয়োগকারীদের জানাতে হবে।
তিনি বলেন, দেশের কর্মশক্তির প্রায় ৫০ শতাংশ নারী। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। সাজেদা অরেঞ্জ বন্ডে ১০ শতাংশ কুপন হারে বিনিয়োগের মাধ্যমে আর্থিক মুনাফার পাশাপাশি সামাজিক উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে।
পুঁজিবাজারের উন্নয়নে বন্ডবাজার সক্রিয় করার ওপর গুরুত্ব দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বন্ডের লেনদেন এখনো সীমিত। আগে বিকল্প ট্রেডিং বোর্ডের (এটিবি) মাধ্যমে বন্ড লেনদেনে গুরুত্ব দেওয়া হলেও এখন মূল বোর্ডে লেনদেনের উপযোগী করে নতুন বন্ড আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল বোর্ডে তালিকাভুক্তির ক্ষেত্রে ডিএসইর ফি আগে প্রতিবন্ধকতা ছিল, এখন এ বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ব্র্যাকের এক হাজার কোটি টাকার বন্ডসহ আরও বিভিন্ন থিমেটিক বন্ড মূল বোর্ডে লেনদেন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের বিষয়ে তিনি বলেন, এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ন্যূনতম ৩০ লাখ টাকা থাকার শর্ত কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। জামানতের অভাবে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ব্যাংকঋণ পান না। তাঁদের জন্য বিকল্প অর্থায়নের উৎস তৈরি করতে হবে। পাশাপাশি বিএসইসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রশিক্ষণ, প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. নাজনীন বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অর্থায়ন পাওয়া কঠিন। বিশেষ করে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যয়বহুল হওয়ায় বিনিয়োগের খরচ বেড়ে যায়। এ ক্ষেত্রে বন্ডবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নের সম্ভাবনাময় উৎস হতে পারে। তবে এ বাজারে শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, সাধারণ বিনিয়োগকারীদেরও যুক্ত করতে হবে। বন্ডের নিরাপত্তা, বিনিয়োগ পদ্ধতি ও সম্ভাব্য মুনাফা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতে প্রতিযোগিতা বাড়বে। ২০৩২ সালের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা অব্যাহত থাকবে কি না, সে বিষয়েও প্রস্তুতি নিতে হবে। উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শ্রম ও পরিবেশগত মান নিশ্চিত করতে বড় বিনিয়োগ প্রয়োজন হবে। এসব ক্ষেত্রে সাশ্রয়ী দীর্ঘমেয়াদি অর্থায়নে থিমেটিক বন্ড ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ভূমিকা রাখতে পারে।
অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, জলবায়ু অর্থায়নের সংকট শুধু অর্থের ঘাটতি নয়, অর্থ কীভাবে বণ্টিত হচ্ছে এবং কারা তা পাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা অনুযায়ী, জলবায়ু অভিযোজনে বছরে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। বিপরীতে অর্থায়ন হচ্ছে প্রায় ৪ বিলিয়ন ডলার। ফলে প্রতিবছর ঘাটতি থাকছে প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলার।
তিনি বলেন, জমি ও সম্পদের মালিকানা কম থাকায় নারীরা ব্যাংকঋণের জন্য প্রয়োজনীয় জামানত দিতে পারেন না। আবার ঘরবাড়ি উঁচু করা, নিরাপদ পানির ব্যবস্থা, ঘূর্ণিঝড়-সহনশীল অবকাঠামো এবং লবণাক্ততা সহনশীল ফসল উৎপাদনের মতো অভিযোজনমূলক বিনিয়োগ থেকে তাৎক্ষণিক মুনাফা আসে না। ফলে প্রচলিত ঋণব্যবস্থায় এসব উদ্যোগ অর্থায়ন পেতে সমস্যায় পড়ে। থিমেটিক বন্ডের অর্থ যেন জলবায়ু ঝুঁকিতে থাকা নারী ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।
ফারাহ কবির আরও বলেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও বাঁধের মতো জনকল্যাণমূলক অবকাঠামো শুধু ঋণের মাধ্যমে অর্থায়ন করা উচিত নয়। এসব ক্ষেত্রে সরকারি অর্থায়ন ও অনুদান প্রয়োজন। থিমেটিক বন্ড সরকারি বিনিয়োগ ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বিকল্প নয়, বরং পরিপূরক। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঋণ পরিশোধের শর্ত ও সময়সীমায় নমনীয়তা রাখতে হবে, যাতে জলবায়ু সহনশীলতা তৈরির ঋণই তাঁদের বাড়তি বোঝা না হয়ে দাঁড়ায়।
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন বলেন, ক্ষুদ্র ব্যবসা ও নারী উদ্যোক্তারা অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রাতিষ্ঠানিক অর্থায়ন থেকে অনেকাংশে বঞ্চিত। এই সীমাবদ্ধতা দূর ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অরেঞ্জ বন্ড গুরুত্বপূর্ণ উদ্যোগ। সাজেদা ফাউন্ডেশন ৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে এক, দুই ও তিন বছর মেয়াদি বন্ডের মাধ্যমে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে। আন্তর্জাতিক অরেঞ্জ বন্ড প্রিন্সিপলস ও সোশ্যাল বন্ড স্ট্যান্ডার্ড অনুসরণ করে বন্ডটি গঠন করা হয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। তিনি এ উদ্যোগে বিএসইসি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, ডিএসই, সাজেদা ফাউন্ডেশন ও বিনিয়োগকারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তাঁর আশা, এর মাধ্যমে দেশে আরও গ্রিন, সোশ্যাল, সাসটেইনেবল ও অরেঞ্জ বন্ড ইস্যুর পথ খুলবে।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির বলেন, গত ৩৩ বছর ধরে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সাজেদা ফাউন্ডেশন। পরিবার, সমাজ ও অর্থনীতিতে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও অর্থনৈতিক অংশগ্রহণ বাড়লে ইতিবাচক পরিবর্তন আসে। অরেঞ্জ বন্ড সেই ক্ষমতায়নে অর্থায়নের নতুন সুযোগ তৈরি করেছে। এ উদ্যোগে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, ব্র্যাক ইপিএল, আইআইএক্স, ডিবিএইচ ফাইন্যান্স, ডিএসই ও বিনিয়োগকারীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এটি দেশের পুঁজিবাজারে স্থায়ী দৃষ্টান্ত হয়ে থাকবে।
বন্ডের অর্থ যেসব খাতে ব্যয় হবে
অনুমোদিত অভিহিত মূল্য ১৫৮ কোটি ৫০ লাখ টাকার এই জিরো-কুপন বন্ডটি ১০ শতাংশ ডিসকাউন্ট রেটে এক, দুই ও তিন বছর মেয়াদে ইস্যু করা হয়েছে। মোট ৬৭ জন বিনিয়োগকারী এতে প্রায় ১৫৮ কোটি টাকার সাবস্ক্রিপশন করেছেন। করপোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিনিয়োগকারীরা এতে অংশ নিয়েছেন।
বন্ডটির অর্থের প্রায় ৪৮ শতাংশ খাদ্যনিরাপত্তা ও কৃষি, ৩২ শতাংশ এসএমই ও কর্মসংস্থান সৃষ্টি এবং ২০ শতাংশ আবাসন খাতে নারীকেন্দ্রিক ঋণ কার্যক্রমে ব্যয় করবে সাজেদা ফাউন্ডেশন। বিনিয়োগকারীদের প্রতি বছর সামাজিক প্রভাব প্রতিবেদন দেওয়া হবে।
বন্ডটি অরেঞ্জ বন্ড প্রিন্সিপলস ও আইসিএমএর সোশ্যাল বন্ড প্রিন্সিপলস অনুসরণ করে গঠন করা হয়েছে। আইআইএক্সের সেকেন্ড পার্টি ওপিনিয়নেও এর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৫ নম্বর লক্ষ্য—লিঙ্গসমতা অর্জনে সহায়ক।
দেশের প্রথম এই বেসরকারি প্লেসমেন্ট বন্ডটি ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘণ্টা বাজানোর পাশাপাশি ‘বিয়ন্ড দ্য বন্ড’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন এবং ‘প্রথাগত অর্থায়নের বাইরে: বাংলাদেশে থিমেটিক বন্ডের সম্ভাবনা উন্মোচন’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী ও অংশীজনেরা অংশ নেন।
























