ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ২৯ নভেম্বর ২০২৬

অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

ভালো ও মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তির ওপর গুরুত্ব; নিয়ন্ত্রক সংস্থাকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ায় বিনিয়োগকারীরা ফিরছেন বলে দাবি

অতীতে দেশের শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান সরকার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তন এনেছে এবং রাজনৈতিক নিয়োগের বাইরে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করেছে। এতে বিনিয়োগকারীরা আবারও বাজারে ফিরছেন। তবে পুঁজিবাজারের গভীরতা ও সক্ষমতা বাড়াতে ভালো এবং মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, অতীতে শেয়ারবাজারের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বিনিয়োগকারীদের আস্থার জন্য সহায়ক ছিল না। বর্তমান সরকার নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমে পরিবর্তন এনেছে এবং সংস্থাটিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের বাজারে ফিরে আসার প্রবণতা তৈরি হচ্ছে। তবে শুধু বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়লেই হবে না, বাজারকে টেকসই করতে মানসম্পন্ন ও ভালো মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

ব্যাংকিং খাতের সংকট কাটাতে সময় লাগবে

অর্থমন্ত্রী দেশের ব্যাংকিং খাতের সংকটকে অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে ব্যাংক খাতে যে বিপুল পরিমাণ দায় ও সমস্যা তৈরি হয়েছে, তা এক-দুই মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এ সংকট কাটাতে ধারাবাহিকভাবে পদক্ষেপ নিতে হবে। তবে আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি দাবি করেন, ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা কমেছে। বরং আমানত আবারও ব্যাংকিং খাতে ফিরতে শুরু করেছে। আমানতকারীদের অর্থ সুদসহ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছে সরকার। এ ক্ষেত্রে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

অর্থনীতি পুনরুদ্ধারে প্রবৃদ্ধি কম থাকতে পারে

দেশের অর্থনীতি বর্তমানে পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ কারণে আগামী কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি তুলনামূলক কম থাকতে পারে।

তিনি বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সাময়িকভাবে প্রবৃদ্ধি কম হওয়ার বিষয়টি মেনে নিতে হবে। এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকার সঠিক নীতিগত পথে এগোচ্ছে কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে কি না।

অর্থনীতির প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা আড়াল করার কোনো প্রয়োজন নেই। ভুল পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হলে তাতে সরকারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সরকারের দায়িত্ব হচ্ছে সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরা, এর পেছনের কারণ ব্যাখ্যা করা এবং উত্তরণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জনগণকে জানানো।

পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র বাস্তবায়নে গুরুত্ব

পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, সরকার অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যৎমুখী পরিকল্পনা নিয়ে এগোতে চায়। এ উদ্দেশ্যে পাঁচ বছরের একটি কৌশলগত কাঠামো তৈরি করা হয়েছে। উন্নয়ন সহযোগীদের কার্যক্রমও এ কাঠামোর সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এখন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ নিজ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি।

জিডিপির হিসাব পদ্ধতির দুর্বলতা চিহ্নিত

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সহযোগিতায় পরিকল্পনা মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে জিডিপির হিসাব পদ্ধতি নিয়ে গবেষণা করেছে।

গবেষণায় জিডিপি গণনার বিদ্যমান পদ্ধতিতে বেশ কিছু দুর্বলতা চিহ্নিত হয়েছে। এসব তথ্য জনসমক্ষে প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে যাতে পরিসংখ্যানে কোনো ধরনের বিকৃতি না ঘটে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।