ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটিতে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল, নিরাপদে নামানো হলো যাত্রীদের

ভ্রমণ

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ২৯ নভেম্বর ২০২৬

যান্ত্রিক ত্রুটিতে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল, নিরাপদে নামানো হলো যাত্রীদের

ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় উড্ডয়ন বাতিল করা হয়েছে। এ সময় উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে উড়োজাহাজটিতে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতিকালে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটির ককপিটে যন্ত্রের নির্দেশনায় অসংগতি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন।’

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, উড্ডয়ন বাতিলের সময় রানওয়ের সঙ্গে উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণের কারণে ধোঁয়া সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।

নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

ইউএস-বাংলা জানিয়েছে, ফ্লাইটটির সব যাত্রী বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে রয়েছেন। তাঁদের নিয়ে কিছুক্ষণের মধ্যে এয়ারলাইনসটির অন্য একটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।