শীর্ষ সাত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ১৬ মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে বড় কেন্দ্রীভবন; ব্যাংক, ওষুধ ও বহুজাতিক কোম্পানিতে ফান্ড ব্যবস্থাপকদের বেশি ঝোঁক
ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ম্যারিকো বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, বার্জার পেইন্টস, ইস্টার্ন ব্যাংক, বিএসআরএম স্টিলস ও রেনাটায় বড় অঙ্কের বিনিয়োগ করেছেন দেশের শীর্ষস্থানীয় সাতটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (এএমসি) ফান্ড ব্যবস্থাপকরা। এসব প্রতিষ্ঠানের পরিচালিত ১৬টি মিউচুয়াল ফান্ডের সম্মিলিত সম্পদের ৬১ শতাংশই কেন্দ্রীভূত রয়েছে তালিকাভুক্ত এই ১০ কোম্পানির শেয়ারে। এতে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ পোর্টফোলিওতে সীমিতসংখ্যক কোম্পানির ওপর নির্ভরতার চিত্র স্পষ্ট হয়েছে।
প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এক ত্রৈমাসিক পোর্টফোলিও বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিডব্লিউটি, এজ, একুশ, আইডিএলসি, শান্তা, ইউসিবি ও ভিআইপিবি—এই সাত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত ১৬টি কনভেনশনাল ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ৬৩১ কোটি টাকা।
এর মধ্যে ৭২ শতাংশ বা ৪৫৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারে। তবে এই বিনিয়োগের বড় অংশই চলে গেছে মাত্র ১০টি কোম্পানির কাছে। ব্যাংক, ওষুধ এবং বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের শেয়ারে ফান্ড ব্যবস্থাপকদের বিশেষ আগ্রহ দেখা গেছে।
বিনিয়োগের শীর্ষে ব্র্যাক ব্যাংক ও স্কয়ার ফার্মা
১৬টি মিউচুয়াল ফান্ডের সম্মিলিত বিনিয়োগে শীর্ষ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। সাতটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত প্রতিটি ফান্ডেই ব্যাংকটির শেয়ার রয়েছে। সব মিলিয়ে ব্র্যাক ব্যাংকে বিনিয়োগের বাজারমূল্য ৯৩ কোটি ৭০ লাখ টাকা, যা ফান্ডগুলোর মোট সম্পদের ১৪ দশমিক ৮ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। কোম্পানিটির শেয়ারে ফান্ডগুলোর সম্মিলিত বিনিয়োগ ৫৮ কোটি ৯০ লাখ টাকা, যা মোট সম্পদের ৯ দশমিক ৩ শতাংশ। ব্র্যাক ব্যাংকের মতো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারও সাতটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সব কটির পোর্টফোলিওতে রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ। কোম্পানিটিতে সাতটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির—সিডব্লিউটি, এজ, একুশ, ইউসিবি ও ভিআইপিবি—বিনিয়োগ রয়েছে। সম্মিলিত বিনিয়োগের পরিমাণ ৪২ কোটি ৪০ লাখ টাকা।
চতুর্থ অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগের পরিমাণ ৪০ কোটি ৩০ লাখ টাকা, যা ফান্ডগুলোর মোট সম্পদের ৬ দশমিক ৪ শতাংশ। এজ, একুশ, আইডিএলসি ও শান্তার পরিচালিত ফান্ডগুলোতে কোম্পানিটির শেয়ার রয়েছে।
যমুনা ও প্রাইম ব্যাংক যৌথভাবে পঞ্চম
বিনিয়োগের অনুপাতে যৌথভাবে পঞ্চম অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক ও প্রাইম ব্যাংক। উভয় কোম্পানির শেয়ারে ফান্ডগুলোর মোট সম্পদের ৫ দশমিক ৩ শতাংশ করে বিনিয়োগ করা হয়েছে।
যমুনা ব্যাংকে সম্মিলিত বিনিয়োগের পরিমাণ ৩৩ কোটি ৮০ লাখ টাকা। সিডব্লিউটি, এজ, একুশ, আইডিএলসি ও ভিআইপিবির ফান্ডে ব্যাংকটির শেয়ার রয়েছে।
অন্যদিকে প্রাইম ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে ৩৩ কোটি ৫০ লাখ টাকা। সিডব্লিউটি, এজ, একুশ, ইউসিবি ও ভিআইপিবির পোর্টফোলিওতে ব্যাংকটির শেয়ার রয়েছে।
শীর্ষ দশে বার্জার, ইস্টার্ন ব্যাংক, বিএসআরএম ও রেনাটা
শীর্ষ ১০ কোম্পানির তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটিতে ফান্ডগুলোর সম্মিলিত বিনিয়োগ ২৮ কোটি ৫০ লাখ টাকা, যা মোট সম্পদের ৪ দশমিক ৫ শতাংশ। সিডব্লিউটি, এজ, শান্তা ও ভিআইপির পরিচালিত ফান্ডে বার্জার পেইন্টসের শেয়ার রয়েছে।
অষ্টম অবস্থানে থাকা ইস্টার্ন ব্যাংক পিএলসিতে বিনিয়োগের পরিমাণ ২৫ কোটি ৪০ লাখ টাকা বা মোট সম্পদের ৪ শতাংশ। একুশ, আইডিএলসি, ইউসিবি ও ভিআইপির ফান্ডে ব্যাংকটির শেয়ার রয়েছে।
নবম অবস্থানে রয়েছে বিএসআরএম স্টিলস লিমিটেড। কোম্পানিটিতে বিনিয়োগের পরিমাণ ১৭ কোটি টাকা, যা মোট সম্পদের ২ দশমিক ৭ শতাংশ। শীর্ষ ১০ কোম্পানির মধ্যে এটিই একমাত্র শিল্প খাতের প্রতিষ্ঠান। সিডব্লিউটি, এজ ও একুশের ফান্ডে কোম্পানিটির শেয়ার রয়েছে।
তালিকার দশম অবস্থানে রয়েছে রেনাটা পিএলসি। ওষুধ খাতের এ কোম্পানিতে ফান্ডগুলোর সম্মিলিত বিনিয়োগ ১৪ কোটি টাকা বা মোট সম্পদের ২ দশমিক ২ শতাংশ। আইডিএলসি, শান্তা, ভিআইপিবি ও ইউসিবির পোর্টফোলিওতে রেনাটার শেয়ার রয়েছে।
ব্যাংক ও ওষুধ খাতেই বিনিয়োগের বড় অংশ
খাতভিত্তিক বিনিয়োগ বিশ্লেষণে দেখা গেছে, শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ব্যাংক খাতের আধিপত্য সবচেয়ে বেশি। ফান্ডগুলোর সম্মিলিত সম্পদের ২৯ দশমিক ৪ শতাংশ বিনিয়োগ করা হয়েছে চারটি ব্যাংকের শেয়ারে।
এ ছাড়া তিনটি ওষুধ কোম্পানিতে বিনিয়োগ রয়েছে মোট সম্পদের ১৭ দশমিক ৯ শতাংশ। দুটি বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ১১ দশমিক ২ শতাংশ। অন্যদিকে একটি শিল্প খাতের কোম্পানি বিএসআরএম স্টিলসে রয়েছে মোট সম্পদের ২ দশমিক ৭ শতাংশ।
সব মিলিয়ে সাতটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ১৬টি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ কৌশলে ব্যাংক, ওষুধ ও বহুজাতিক কোম্পানির শেয়ার প্রাধান্য পেয়েছে। তবে মাত্র ১০টি কোম্পানিতে সম্মিলিত সম্পদের ৬১ শতাংশ বিনিয়োগের বিষয়টি ফান্ডগুলোর পোর্টফোলিও বৈচিত্র্য এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে।
























