রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ তৌফিক আল মাহমুদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নগরীকে রেশম শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিল্পের সম্প্রসারণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান কারখানাগুলোর অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ তৌফিক আল মাহমুদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে রাজশাহীর রেশম শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, শিল্পের সম্প্রসারণ এবং বিদ্যমান কারখানাগুলোর অবকাঠামোগত উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ শিল্পের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।
এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহীকে শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে রেশম শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম. এ. মান্নান, পরিচালক (সম্প্রসারণ) আ.ন.ম. আনোয়ারুল হাসান, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মোছাঃ নাসিমা খাতুন, পরিচালক (উৎপাদন ও বিপণন) মোঃ মিজানুর রহমান এবং পরিচালক (প্রশাসন) মোঃ রেজা হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজুও এ সময় উপস্থিত ছিলেন।
























