হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে লাগেজ সরবরাহ ও চেক-ইনের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। উড়োজাহাজ অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে পৌঁছে দিতে হবে। আর উড়োজাহাজের ধরন অনুযায়ী সর্বশেষ ব্যাগেজ সরবরাহ করতে হবে ৪২ দশমিক ৫ থেকে ৪৭ দশমিক ৫ মিনিটের মধ্যে। নির্ধারিত সময়ে সেবা দিতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।
রোববার (২৯ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে যাত্রীসেবার বিভিন্ন ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা ও কার্যসম্পাদন সূচক নির্ধারণ করা হয়েছে। এর আওতায় উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট।
চেক-ইন কাউন্টারে যাত্রীদের অপেক্ষার সময় কমাতেও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে রাখার লক্ষ্য রয়েছে।
বেবিচক চেয়ারম্যান জানান, আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে এ চুক্তি করা হচ্ছে। এতে জাতীয় স্বার্থ, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, পরিচালনাকারী প্রতিষ্ঠান কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দেবে। তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
যাত্রীসেবার মান বজায় রাখতে চুক্তিতে আর্থিক ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে প্রতিবারের ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তি অনুযায়ী পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।
চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। পরবর্তী ছয় মাসে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম স্থানান্তর করা হবে।
বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা
তৃতীয় টার্মিনালটির আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে এ টার্মিনালের। যাত্রীসেবার জন্য এখানে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, আটটি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে।
লাগেজ সংগ্রহের জন্য রয়েছে ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট। উড়োজাহাজের অবস্থান ও যাত্রী ওঠানামার জন্য রাখা হয়েছে ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে।
নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র। যাত্রীদের চলাচলের সুবিধায় মুভিং ওয়াকওয়ে, এসকেলেটর ও লিফটের পাশাপাশি বহুতল গাড়ি পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।
কার্গো পরিবহনের জন্য নির্মাণ করা হয়েছে ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল। এসব টার্মিনালে বছরে মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। এর মধ্যে আমদানি কার্গোর সক্ষমতা ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন এবং রপ্তানি কার্গোর সক্ষমতা ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন।
টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, নিয়ন্ত্রণে থাকবে বেবিচক
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে। বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ ও অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহার করতে পারবে বেবিচক।
তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম থাকবে সরকারের সংশ্লিষ্ট সংস্থার নিয়ন্ত্রণে।
চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের কাছ থেকে এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং দোকান, লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। এসব প্রতিষ্ঠান এবং সেলফ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দিতে হবে। এ ছাড়া কার্গো হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও প্রতি টন কার্গোর বিপরীতে রয়্যালটি দিতে হবে।
























