এইচএসসি ও এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের ব্যয় হয়েছে সাড়ে ৩৫ কোটি টাকার বেশি। চলতি বছরের দুই পাবলিক পরীক্ষায় ফল পরিবর্তনের আশায় লাখ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। শুধু এইচএসসিতেই ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেন। তাঁদের আবেদনের সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি। প্রতিটি খাতার জন্য ১৫০ টাকা ফি হিসেবে শিক্ষার্থীদের খরচ হয়েছে ১৬ কোটি ৩১ লাখ টাকার বেশি।
এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের জন্য ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা পড়ে। এ পরীক্ষায় খাতা পুনর্নিরীক্ষণের ফি বাবদ শিক্ষার্থীদের ব্যয় হয় ১৯ কোটি ৩১ লাখ টাকার বেশি। দুই পরীক্ষা মিলিয়ে খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের মোট ব্যয় দাঁড়িয়েছে সাড়ে ৩৫ কোটি টাকার বেশি।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাঁদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন।
গত ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফল অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।
প্রথমবারের মতো খাতা পুনর্মূল্যায়ন
আগে খাতা পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত নম্বর যোগ-বিয়োগে ভুল হয়েছে কি না কিংবা কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না, তা যাচাই করা হতো। কোনো উত্তরের মূল্যায়নে পরীক্ষক কম বা বেশি নম্বর দিয়েছেন কি না, তা পরিবর্তনের সুযোগ ছিল না।
তবে চলতি বছরের এসএসসি পরীক্ষা থেকে প্রথমবারের মতো খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু হয়েছে। নতুন নিয়মে পরীক্ষকের দেওয়া নম্বরের যথার্থতাও যাচাই করার সুযোগ তৈরি হয়েছে।
নিয়ম পরিবর্তনের পর ফল পরিবর্তনের সংখ্যাও বেড়েছে। এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের এসএসসিতে পুনর্মূল্যায়নের পর ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। এ ছাড়া গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।
আগের নিয়মে পরীক্ষকের মূল্যায়নসংক্রান্ত এ ধরনের ভুল শনাক্ত ও সংশোধনের সুযোগ ছিল না।
পরীক্ষকের ভুলের খরচও শিক্ষার্থীদের
খাতা পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়ে কোনো শিক্ষার্থীর একটি পত্রের নম্বর নিয়ে সন্দেহ থাকলেও দুটি পত্রের জন্যই আবেদন করতে হয়। ফলে একটি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণ করতে শিক্ষার্থীকে গুনতে হয় ৩০০ টাকা।
এসএসসি পরীক্ষায় লিখিত ও ব্যবহারিক—দুই ধরনের খাতার জন্যও প্রতি পত্রে ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ফি অফেরতযোগ্য। অর্থাৎ পুনর্মূল্যায়নে পরীক্ষকের ভুল প্রমাণিত হয়ে ফল পরিবর্তন হলেও আবেদন ফি ফেরত পান না শিক্ষার্থীরা।
ফল পরিবর্তনে বোর্ডভেদে বড় পার্থক্য
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তনের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে আবেদনকারীদের ১৪ দশমিক ১৪ শতাংশের ফল পরিবর্তন হয়েছে। এরপর রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ দশমিক ২৩ শতাংশ এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে ১১ দশমিক ১৭ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার মাত্র ২ দশমিক ৪৭ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডের চিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। এ বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ২ হাজার ২২৪ জন ফেল থেকে পাস করেছেন। ১১টি শিক্ষা বোর্ডে মোট যতজন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন, তাঁদের প্রায় ৪০ শতাংশই কারিগরি শিক্ষা বোর্ডের।
অর্থাৎ এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর খাতায় প্রথম দফার মূল্যায়নে ভুল ছিল। সেই ভুল সংশোধনের জন্যও আবেদন ফি দিতে হয়েছে শিক্ষার্থীদের।
পরীক্ষকদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন
পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, বর্তমান প্রশ্নপত্রের ধরন, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, দুই পরীক্ষকের মূল্যায়নে বড় ধরনের পার্থক্য হওয়ার কথা নয়।
মূল্যায়নে এত পার্থক্য দেখা যাওয়ার অর্থ পরীক্ষকদের নির্ভরযোগ্যতায় ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর উচিত নির্ভরযোগ্য পরীক্ষক তৈরি এবং খাতা মূল্যায়নের মান নিশ্চিত করার বিষয়ে আরও গুরুত্ব দেওয়া।
সংশ্লিষ্টদের মতে, খাতা পুনর্মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ফল সংশোধনের সুযোগ তৈরি হলেও প্রথম দফার মূল্যায়নে ভুলের দায়ভার শেষ পর্যন্ত শিক্ষার্থীদেরই বহন করতে হচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতির স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
























