বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষাকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার সমমানের করার পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য এবং আত্তীকরণ-সংক্রান্ত জটিলতা নিরসনেও সরকার কাজ করছে। শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা হচ্ছে, সেটিই বিবেচনায় নেওয়া উচিত।
তিনি আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ শুধু প্রথাগত কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রশিক্ষণে নতুনত্ব, সৃজনশীলতা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা ও চাহিদা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।
অনুষ্ঠানে নায়েমের পরিচালক আতিকুল ইসলাম পাঠান ও পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
























