ঢাকা   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

শিক্ষা ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০২, ১৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

শিক্ষা ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের অংশ হিসেবেই এসব খেলাধুলা পরিচালনা করতে হবে। মাদক ও মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখা এবং শৃঙ্খলাবোধ ও নৈতিকতা গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে মাঠপর্যায়ে এ নির্দেশনা জারি করা হয়েছে। মাউশির অধীন সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে খেলাধুলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

খেলার তালিকায় রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি। এসব খেলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে কিংবা নির্ধারিত সময়ে শরীরচর্চার সুযোগ পাবে।

এর আগে গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র পাঠান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবদের পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ওই চিঠিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের দলগত কাজের মানসিকতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে।

এ ছাড়া সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থায় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি। তাঁর মতে, শিক্ষাজীবনের শুরু থেকেই নিয়মিত ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বাড়াতে পারে।

মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের এ উদ্যোগ সময়োপযোগী। আগে সাধারণত গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠান পর্যায়ে কিছু টুর্নামেন্ট আয়োজন করা হতো। তবে বছরব্যাপী খেলাধুলার জন্য নির্দিষ্ট কোনো একাডেমিক সূচি ছিল না।

তিনি জানান, নতুন উদ্যোগের ফলে নিয়মিত পাঠদানের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বছরজুড়েই নির্ধারিত খেলাধুলা পরিচালনার সুযোগ তৈরি হবে। এ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত তদারকির আওতায় আনার নির্দেশনাও দেওয়া হবে।

সরকারের প্রত্যাশা, শ্রেণিকক্ষের বাইরেও খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকাসক্তি ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখাও সহজ হবে।

সর্বশেষ