বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত রাজশাহী। বিশেষ করে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় দেশব্যাপী সুনাম রয়েছে এ নগরীর। রাজশাহীর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করতে নগরীতে এসেছেন তিন সিটি করপোরেশন ও এক পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিরা।
রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী কঠিন বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রতি যে নির্দেশনা দিয়েছেন, তা হলো—‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও।’ সেই লক্ষ্য সামনে রেখেই রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন।
রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত।
























