দিনাজপুরের ঘোড়াঘাটে দোকান থেকে বিস্কুট খাওয়ায় একটি বিড়ালকে ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকানি সারোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে শাস্তি হিসেবে আগামী ছয় মাস বাজারের কুকুর ও বিড়ালকে খাবার খাওয়ানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকাও দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে এ সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল পাঁচটার দিকে স্থানীয় এক বাসিন্দা বিড়াল হত্যার ঘটনায় দোকানি সারোয়ার হোসেনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। পরে অভিযুক্ত দোকানিকে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে তলব করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগকারী মেহেদী হাসান জানান, গত ১৩ নভেম্বর রাতে বলগাড়ি বাজারের বেকারি দোকানি সারোয়ার হোসেন দোকানে বিড়ালের উৎপাত ঠেকাতে দড়ি দিয়ে একটি ফাঁদ তৈরি করেন। পরে খাবারের সন্ধানে গিয়ে সেই ফাঁদে আটকা পড়ে একটি মা বিড়াল। পরদিন সকালে বিড়ালটির গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় হত্যা করা হয়। পরে দোকানের বারান্দায় বিড়ালটির মরদেহ ফেলে রাখা হয়। এ সময় মৃত বিড়ালের পাশে দুটি বিড়ালছানাকে কান্নাকাটি করতে দেখা যায়।
কয়েকটি বিস্কুটের জন্য মা বিড়ালের এমন মৃত্যু এবং অসহায় দুটি বিড়ালছানার অবস্থা দেখে মর্মাহত হন মেহেদী হাসান। ঘটনাটির বিচার চেয়ে তিনি উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ জানান, দোকানি সারোয়ার হোসেন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন। মুচলেকা অনুযায়ী, আগামী ছয় মাস বলগাড়ি বাজারের কুকুর ও বিড়ালকে খাবার খাওয়াতে হবে তাঁকে। ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটালে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে দোকানি সারোয়ার হোসেন দাবি করেন, তিনি ইচ্ছা করে বিড়ালটিকে হত্যা করেননি। বিড়ালটি ধরার জন্য ফাঁদ পেতেছিলেন। ধরা পড়লে সেটিকে অন্য কোথাও রেখে আসার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সকালে দোকানে গিয়ে বিড়ালটিকে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় তিনি অনুতপ্ত বলেও জানান।
এখন ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাবার খাওয়ানোর মধ্য দিয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে অভিযুক্ত দোকানিকে।
























