ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

৫ মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলল ৫১ বস্তা টাকা

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৩৯, ২১ নভেম্বর ২০২৬

৫ মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলল ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই বেরিয়ে এসেছে অন্তত ৫১ বস্তা টাকা। এর সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। প্রায় পাঁচ মাস পর আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মসজিদটির ১৫টি দানবাক্স খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। মসজিদ কর্তৃপক্ষের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এর আগে সর্বশেষ চলতি বছরের ২৭ জুন দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেদিন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়। তখন অন্তত ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল।

আজ সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ ছাড়া জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে মসজিদে গিয়ে দেখা যায়, প্রথমে লোহার দানবাক্স থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়। পরে সেসব টাকা মেঝেতে ঢেলে গণনা শুরু করা হয়। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ।

স্বেচ্ছাশ্রমে গণনার কাজে যুক্ত হয়েছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী। এ ছাড়া রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ পরিচালনা কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ মেটানোর পর দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ পর্যন্ত ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

সর্বশেষ ১২ অক্টোবর মসজিদটির দানবাক্সে পাওয়া ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ প্রায় ২৫ কেজি সোনা ও রুপা পাওয়া যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। আজকের গণনা শেষে পাওয়া অর্থ আগের তহবিলের সঙ্গে যুক্ত করে ব্যাংকে জমা রাখা হবে। এ ছাড়া সোনা ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলছে।

জেলা প্রশাসক জানান, পাগলা মসজিদে জমা হওয়া অর্থের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও সহায়তা করা হয়। মসজিদের পরিসর বাড়ানোর জন্য ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। প্রচলিত বিশ্বাস রয়েছে, এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে দান করতে আসেন। নির্দিষ্ট সময় পরপর মসজিদের দানবাক্স খোলা হলে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।