ঢাকা   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে সভা

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৮, ১৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে সভা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শতাধিক নেতা–কর্মী মিছিল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন দলীয় কার্যালয়ে যান। পরে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে সভা করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ ভবনের কাছে জড়ো হন নেতা–কর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ে যান। সভা শেষে আবার মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান তাঁরা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশের বিষয়ে সাংবাদিকেরা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চান।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ যেকোনো বিষয়ে তৎপর আছে। আমি মনে করি, যেগুলো আইনের মধ্যে পড়ে না বা আইনবহির্ভূত, সেসব বিষয়ে পুলিশ আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে।’

এর আগে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীরা।

গোপালগঞ্জে কড়া নিরাপত্তা, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভার এক দিন আগে, রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়।

মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা।

রোববার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন।

একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনি টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলার বাদী।

এর আগে ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এ পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলোর সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

বিজিবি সদর দপ্তরের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

সর্বশেষ