ঢাকা   বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন, উড়ালসড়কেই শেষ পুরো পরিবার

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৫৪, ১১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন, উড়ালসড়কেই শেষ পুরো পরিবার

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়ালসড়কে পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী বাবা, মা ও তাঁদের আট বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়ালসড়কে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের মির্জাপুরে বেড়াতে যাওয়ার পথে সড়কেই শেষ হয়ে গেল পুরো পরিবার।

নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার বাসিন্দা মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী শিশু আক্তার এবং তাঁদের আট বছর বয়সী ছেলে আরাফাত হোসেন।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ প্রথম আলোকে বলেন, শিশু সন্তানকে নিয়ে ওই দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় একই পরিবারের তিনজনই নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর বাজারের উড়ালসড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে উড়ালসড়কে দুর্ঘটনাটি ঘটায় কোন গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ