আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে এমন নির্বাচন হবে, যা ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। ভোটাররা নির্ভয়ে নিজেদের ভোট নিজেরাই দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, বিনা ভোটেও কেউ নির্বাচিত হবেন না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য পাঁচ ধাপের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে ১০ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে ৪ অথবা ৬ ফেব্রুয়ারি। এরপর রমজান, ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষা শেষে বাকি তিন ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপি গত ২০ বছর ধরে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ভোটাধিকার নষ্ট করতে চায় না সরকার।
দ্রুত চালু হচ্ছে স্বনির্ভর গ্রাম সরকার
গ্রামীণ পর্যায়ে স্থানীয় সরকারব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দ্রুত স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে।
ফ্যাসিবাদের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ: প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করলেও অপরাধ হবে না বলে মন্তব্য করেছেন মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাহী আদেশে বাংলাদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই দল নিয়ে তাঁরা কথা বলতে চান না। ফ্যাসিবাদের প্রশ্নে দেশের মানুষ, সরকারি দল ও বিরোধী দল সবাই ঐক্যবদ্ধ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি সাধারণ নাগরিকের মতো সুযোগ-সুবিধা পাবেন না। মানবতাবিরোধী অপরাধ দমন আইন আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই আইনের আওতায় তাদেরই বিচার হবে।
বগুড়ার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বগুড়ার সাংবাদিকতা ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি জানান, বগুড়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে বিভাগ চালুর ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সাংবাদিকতার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আতিকুর রহমান বলেন, নিজেদের মধ্যে বিভক্তি থাকলে জেলার উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতারা।
১৪ সাংবাদিককে সম্মাননা
অনুষ্ঠানে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন জ্যেষ্ঠ সাংবাদিককে আজীবন সম্মাননা দেওয়া হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।
এ মাসের শেষ দিকে বগুড়া সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
এদিকে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে আসতে পারেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের জামিলনগরে করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরে করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এ ছাড়া বগুড়া বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বগুড়ার সাতটি সংসদীয় আসনের উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনও জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আইনটি পাস হলে এ অঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
























