ঢাকা   বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ডের প্রথম সভা আজ

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৪০, ৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ডের প্রথম সভা আজ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে এ সভাকে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরুর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আজ সকাল পৌনে ১০টায় শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সভার সময়সূচি জানানো হয়।

গত রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে শ্রম মন্ত্রণালয়। এতে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।

একই দিন আরেকটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।

ছয় সদস্যের এ মজুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ সভাপতির বৈঠক

পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেন। সেখানে বিজিএমইএ সভাপতি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার গঠিত মজুরি বোর্ডের সভা দ্রুতই অনুষ্ঠিত হবে। সভা থেকে মজুরি পুনর্নির্ধারণের একটি সময়সীমা ঘোষণা করা হলে সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হবেন বলে মনে করেন তিনি।

শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও কর্মপরিবেশ নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আজকের সভায় মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ