বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর সেই বিখ্যাত রায়চাঁদ হাউস এবার দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। সিনেমায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুরের স্মৃতিবিজড়িত রাজকীয় বাড়িটি ঘুরে দেখার সুযোগ মিলবে একেবারে বিনা মূল্যে। তবে এই বিশেষ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন মাত্র ১৮০ জন অতিথি।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। সিনেমাটির গান, সংলাপ, পোশাক ও আবেগঘন দৃশ্য এখনো দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে আছে। বিশেষ করে কারিনা কাপুরের ‘পু’ চরিত্রের ফ্যাশন, হৃতিক রোশনের ‘রোহান’ এবং শাহরুখ খান ও কাজলের অভিনীত বিভিন্ন দৃশ্য নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়।
সিনেমাটির জনপ্রিয়তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত তৈরি হচ্ছে নানা ভিডিও। ইনস্টাগ্রাম ও টিকটকে সিনেমার পরিচিত সংলাপ, পোশাক এবং দৃশ্য পুনর্নির্মাণ করছেন অনেক ভক্ত।
এবার সেই স্মৃতিকে বাস্তবে উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে। সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ে রায়চাঁদ হাউসের আদলে নতুন করে সাজানো হয়েছে একটি বাড়ি। তবে এটি কোনো সিনেমার শুটিংয়ের সেট নয়। বরং দর্শকদের জন্যই তৈরি করা হয়েছে বিশেষ অভিজ্ঞতার আয়োজন।
এয়ারবিএনবির সঙ্গে যৌথ উদ্যোগে সাজানো এই বাড়িতে থাকছে সিনেমার বিখ্যাত সিঁড়ি, বিশাল ড্রয়িংরুম, লাইব্রেরি এবং পরিচিত অন্দরসজ্জা। এ ছাড়া রয়েছে কারিনা কাপুরের ‘পু’ চরিত্রের পোশাকের সংগ্রহ, গোলাপি টেলিফোনসহ সিনেমার নানা স্মৃতিবিজড়িত অনুষঙ্গ। এমনকি সিনেমায় দেখা সেই ভাঙা ফুলদানিটিও রাখা হয়েছে সেখানে।
দর্শকেরা শুধু বাড়িটি ঘুরে দেখার সুযোগই পাবেন না, চাইলে সিনেমার প্রিয় মুহূর্তগুলো নতুন করে ক্যামেরাবন্দীও করতে পারবেন। শোবার ঘরসহ বাড়ির বিভিন্ন জায়গা সাজানো হয়েছে সিনেমার আবহ বজায় রেখে।
এই আয়োজনের প্রচারণায় একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে হৃতিক রোশন, কারিনা কাপুর ও সিনেমাটির পরিচালক করণ জোহরকে। এয়ারবিএনবি ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে ভিডিওটি প্রায় ২৫ লাখবার দেখা হয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যে ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার রায়চাঁদ হাউস ঘুরে নিজেদের অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করেছেন। তাঁদের ভিডিও ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। সব মিলিয়ে ১৮০ জন অতিথি বাড়িটি ঘুরে দেখার সুযোগ পাবেন। প্রতিটি বুকিংয়ে দুজন অংশ নিতে পারবেন। অর্থাৎ একজন বুকিং করলে সঙ্গে আরও একজনকে নিয়ে যেতে পারবেন।
প্রতিটি অতিথি দল বাড়িটি ঘুরে দেখার জন্য দুই ঘণ্টা সময় পাবে। এ সময় সিনেমার পরিচিত বিভিন্ন জায়গা ঘুরে দেখা, ছবি তোলা এবং বিশেষ অভিজ্ঞতা উপভোগের সুযোগ থাকবে।
কীভাবে বুকিং করবেন?
রায়চাঁদ হাউস ঘুরে দেখতে আগ্রহীদের অনলাইনে বুকিং করতে হবে। ২৩ নভেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এয়ারবিএনবির মাধ্যমে বুকিং শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়ার কথা এই কার্যক্রম।
বাড়িতে প্রবেশ কিংবা ঘুরে দেখার জন্য কোনো অর্থ দিতে হবে না। তবে মুম্বাইয়ে যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য ব্যক্তিগত খরচ অতিথিদের নিজেদের বহন করতে হবে। সীমিতসংখ্যক অতিথির জন্য আয়োজন হওয়ায় আগ্রহীদের নির্ধারিত সময়ে বুকিংয়ের চেষ্টা করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ আবার মনে করছেন, এত জনপ্রিয় একটি সিনেমার স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখার সুযোগ আরও বেশি দর্শকের জন্য উন্মুক্ত করা উচিত ছিল।
তবে আপাতত মাত্র ১৮০ জনের জন্য খুলছে রায়চাঁদ হাউসের দরজা। বলিউডের অন্যতম জনপ্রিয় একটি সিনেমার পরিচিত জগতে দুই ঘণ্টা কাটানোর এমন সুযোগ ভক্তদের জন্য নিঃসন্দেহে হতে যাচ্ছে বিশেষ অভিজ্ঞতা।
সূত্র: এয়ারবিএনবি ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
























