নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রাকিন সিটি থেকে তাঁদের আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
আটক সায়লা ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
ফারজানার আটক দুই ভাইয়ের মধ্যে একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা গেছে। তিনি হলেন রেজাউল আলম শাহীন।
মনিরুল ইসলামকে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
এর আগে গত অক্টোবরে মনিরুল ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, এসব ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে। যাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়, তাঁদের মধ্যে মনিরুলের স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানমও রয়েছেন।
























