দ্রুত নগরায়ণের সঙ্গে বাড়ছে নিরাপদ, টেকসই ও শক্তিশালী নির্মাণসামগ্রীর চাহিদা। এ চাহিদা পূরণে আধুনিক প্রযুক্তির সহায়তায় ৬০০ গ্রেডের উচ্চশক্তির রিবার উৎপাদন করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড। কোম্পানির দাবি, এ ধরনের রিবার ব্যবহারে কম কাঁচামাল ও শ্রম ব্যয়ে শক্তিশালী অবকাঠামো নির্মাণ সম্ভব। পাশাপাশি ভবন ও সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনার স্থায়িত্ব ও ভূমিকম্প সহনশীলতা বাড়ে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সাধারণ গ্রেডের তুলনায় ৬০০ গ্রেডের উচ্চশক্তির রিবারের প্রসারণ ক্ষমতা বেশি। নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রেখে ৪২০ ও ৫০০ গ্রেডের রিবারের তুলনায় এটি ব্যবহার করে কম উপকরণে একই ধরনের কাঠামো নির্মাণ করা সম্ভব। এতে কাঁচামাল ও শ্রম—উভয় ক্ষেত্রেই ব্যয় সাশ্রয় হয়। একই সঙ্গে নির্মাণকাজের দক্ষতা বাড়ে এবং সম্পদের অপচয় কমে। ফলে টেকসই অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখে এ প্রযুক্তি।
বিশুদ্ধ ইস্পাত উৎপাদনে স্ক্র্যাপ প্রিহিটিং
উচ্চশক্তির ইস্পাত উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ হলো মানসম্মত ও পরিশুদ্ধ কাঁচামাল নিশ্চিত করা। এ ক্ষেত্রে স্ক্র্যাপ প্রিহিটিং প্রযুক্তি ব্যবহার করছে জিপিএইচ ইস্পাত। এ প্রযুক্তিতে চুল্লি থেকে নির্গত গরম গ্যাসের মাধ্যমে স্ক্র্যাপ আগে থেকেই উত্তপ্ত করা হয়। এতে বিদ্যুৎ খরচ কমে এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস পায়। পাশাপাশি স্ক্র্যাপের সঙ্গে থাকা রং, ধূলিকণা ও বিভিন্ন আবরণজাতীয় অপদ্রব্য গলে যাওয়ার আগেই অপসারণ করা সম্ভব হয়। ফলে তুলনামূলকভাবে বিশুদ্ধ কাঁচামাল দিয়ে ইস্পাত উৎপাদন করা যায়।
সাইফনিক ট্যাপিংয়ে বাড়ে ইস্পাতের বিশুদ্ধতা
ইস্পাত উৎপাদনে ব্যবহৃত আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো সাইফনিক ট্যাপিং সিস্টেম। প্রচলিত পদ্ধতিতে চুল্লি থেকে তরল ইস্পাত বের করার সময় স্ল্যাগ বা অপদ্রব্য মিশে যাওয়ার ঝুঁকি থাকে। সাইফনিক ট্যাপিং পদ্ধতিতে বিশেষ রিফ্র্যাক্টরি ব্যারিয়ার ও নিয়ন্ত্রিত কাত করার মাধ্যমে এ ঝুঁকি কমিয়ে বিশুদ্ধ তরল ইস্পাত সংগ্রহ করা হয়। এতে ইস্পাতের গুণগত মান ও সমজাতীয় বৈশিষ্ট্য বজায় রাখা সহজ হয়, যা ৬০০ গ্রেডের রিবার উৎপাদনে গুরুত্বপূর্ণ।
উন্নত বিলেট তৈরিতে আধুনিক কাস্টিং প্রযুক্তি
চুল্লিতে গলানো ও পরিশোধনের পর তরল ইস্পাত বিলেটে রূপান্তর করা হয় হাই-স্পিড কন্টিনিউয়াস কাস্টিং প্রক্রিয়ায়। এ পর্যায়ে স্বয়ংক্রিয় মোল্ড লেভেল সেন্সর, ইলেক্ট্রোম্যাগনেটিক স্টিরিং এবং নির্দিষ্ট সুপারহিট নিয়ন্ত্রণের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। কোম্পানির দাবি, এসব প্রযুক্তির মাধ্যমে বিলেটের অভ্যন্তরীণ গঠন ও দানার বিন্যাস উন্নত করা সম্ভব হয়। ফলে তৈরি হয় উচ্চমানের বিলেট, যা ৬০০ গ্রেডের রিবার উৎপাদনের ভিত্তি হিসেবে কাজ করে।
এ ছাড়া ম্যাঙ্গানিজ ও সালফারের অনুপাত যথাযথভাবে বজায় রাখার মাধ্যমে ইস্পাতের প্রয়োজনীয় যান্ত্রিক বৈশিষ্ট্য নিশ্চিত করা হয়। পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হওয়ায় পুনঃঅক্সিডেশনের ঝুঁকিও কমে।
উৎপাদন ব্যয় ও কার্বন নিঃসরণ কমায় উইনলিংক প্রযুক্তি
আধুনিক ইস্পাত উৎপাদনে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন উইনলিংক প্রযুক্তি। এ ব্যবস্থায় কাস্টিং ও রোলিং প্রক্রিয়াকে সরাসরি যুক্ত করা হয়। ফলে বিলেটকে পুনরায় গরম করার প্রয়োজন হয় না। এতে জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়।
একই সঙ্গে স্ক্যাডা (SCADA) ভিত্তিক পিএলসি (PLC) অটোমেশন সিস্টেমের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার তাপমাত্রা, গতি, পানির পরিমাণ ও চাপ নিয়ন্ত্রণ করা হয়। এতে উৎপাদনের প্রতিটি ধাপে নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা বজায় থাকে। ফলে রিবারের গুণগত মান এবং প্রয়োজনীয় যান্ত্রিক বৈশিষ্ট্য নিশ্চিত করা সহজ হয়।
কোম্পানি সূত্রের মতে, এসব আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উচ্চমানের, শক্তিশালী ও টেকসই ইস্পাত উৎপাদন সম্ভব হচ্ছে। নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এ ধরনের ইস্পাত নির্মাণশিল্পে নতুন সম্ভাবনা তৈরি করছে।
























