ঢাকা   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

ফোনের গ্যালারিতে উঁকি দিয়ে বিপাকে ফেসবুক, মেটাকে ১ লাখ কোটি টাকা জরিমানা

বিজ্ঞান ও প্রযুক্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৩২, ১৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ফোনের গ্যালারিতে উঁকি দিয়ে বিপাকে ফেসবুক, মেটাকে ১ লাখ কোটি টাকা জরিমানা

ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বড় ধরনের আর্থিক শাস্তির মুখে পড়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। স্মার্টফোন ব্যবহারকারীদের স্পষ্ট অনুমতি ছাড়াই ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও সংগ্রহের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ কোটি টাকা।

জরিমানার পরিমাণ মার্কিন ডলারে প্রায় ৮৮ কোটি ৭০ লাখ। ইতালিতে কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা বড় অঙ্কের জরিমানাগুলোর মধ্যে এটি অন্যতম।

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহারের সময় ব্যবহারকারীদের ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে মেটা। অথচ এ ধরনের তথ্য ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুস্পষ্ট সম্মতি নেওয়া হয়নি। এমনকি তাঁদের যথাযথভাবে জানানোও হয়নি, এসব ব্যক্তিগত তথ্য কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে ফেসবুকের একটি বিশেষ ফিচার। ২০২৩ সাল থেকে চালু থাকা এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ফেসবুকে পোস্ট করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ ফোনে সংরক্ষিত ব্যক্তিগত ছবি থেকেই পছন্দসই ছবি বেছে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার প্রস্তাব দেখায় অ্যাপটি।

কিন্তু ইতালির নিয়ন্ত্রক সংস্থার তদন্তে উঠে এসেছে, ফিচারটি চালু করার ক্ষেত্রে মেটা পুরো অ্যাপের জন্য একটি সাধারণ অনুমতি নিয়েছিল। অনুমতি চাওয়ার সময় দেখানো বার্তায় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ফলে ব্যবহারকারীরা বুঝতে পারেননি, তাঁদের দেওয়া অনুমতির আওতায় ব্যক্তিগত ছবিতেও প্রবেশের সুযোগ পাচ্ছে ফেসবুক।

এ ঘটনায় মেটাকে এখন থেকে ছবি ও ভিডিও ব্যবহারের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে। কেন গ্যালারিতে প্রবেশের অনুমতি প্রয়োজন, সেটিও পরিষ্কারভাবে জানাতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা কীভাবে এই ফিচার বন্ধ করতে পারবেন, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা দিতে হবে।

ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই ঘটনার আওতায় পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা, তথ্য ব্যবহারের সময়কাল এবং তদন্তে অসহযোগিতার অভিযোগসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

তবে জরিমানার সিদ্ধান্ত মেনে নেয়নি মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন ও জরিমানার পরিমাণ—কোনোটির সঙ্গেই তারা একমত নয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে প্রতিষ্ঠানটি।

এদিকে মেটার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের এটিই একমাত্র বড় অঙ্কের জরিমানা নয়। গত অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কর্তৃপক্ষও প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছিল। এক দশকের বেশি সময় ধরে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের বিষয়ে বিভ্রান্ত করার অভিযোগে এ সিদ্ধান্ত আসে। তবে মেটা সেই জরিমানার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছিল।

অন্যদিকে আর্থিক দিক থেকে মেটার জন্য ইতালির এই জরিমানা তুলনামূলকভাবে ছোট। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ২০১ বিলিয়ন ডলার এবং নিট মুনাফা ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার। সেই হিসাবে জরিমানার পরিমাণ প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ।

তবে অর্থের অঙ্কের চেয়েও বড় হয়ে উঠেছে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার প্রশ্ন। স্মার্টফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর স্পষ্ট সম্মতি কতটা জরুরি, মেটার বিরুদ্ধে ইতালির এই সিদ্ধান্ত সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

সূত্র: সিএনএন

সর্বশেষ