গ্রাহকদের ১৫৯ কোটি টাকার বেশি বিমা দাবি অপরিশোধিত, এর মধ্যেই ১৪ কোটি ৫২ লাখ টাকার জমি বিক্রির উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। তবে জমি বিক্রির এই সিদ্ধান্তে স্বচ্ছতার ঘাটতি ও স্বার্থের সংঘাতের আশঙ্কায় কঠোর অবস্থান নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। লেনদেনটির বিস্তারিত তথ্য যাচাই করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে কমিশন।
গত অক্টোবরে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) প্রগ্রেসিভ লাইফ জানায়, রাজধানীর আফতাবনগরে অবস্থিত ৮ দশমিক ৫৪ কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। প্রতি কাঠা ১ কোটি ৭০ লাখ টাকা হিসাবে জমিটির মোট বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৫২ লাখ টাকা। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে এ বিক্রি সম্পন্ন হওয়ার কথা।
কিন্তু জমি বিক্রির ঘোষণা দিলেও ক্রেতার পরিচয় এবং লেনদেনের গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ করেনি কোম্পানিটি। বিষয়টি নজরে আসার পর বিনিয়োগকারীদের স্বার্থ ও করপোরেট সুশাসন নিশ্চিত করতে হস্তক্ষেপ করে বিএসইসি।
কমিশনের নির্দেশনায় ডিএসইকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে জমির প্রকৃত ক্রেতার পরিচয় শনাক্ত করা এবং ক্রেতার সঙ্গে কোম্পানির উদ্যোক্তা, পরিচালক বা সংশ্লিষ্ট কারও স্বার্থের সংঘাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা।
এ ছাড়া কোম্পানিটির মোট স্থাবর সম্পদের কত শতাংশ এই জমি, গত এক বছরে অন্য কোনো সম্পদ বিক্রি করা হয়েছে কি না এবং সম্প্রতি উদ্যোক্তা, পরিচালক কিংবা তাঁদের সংশ্লিষ্ট ব্যক্তিরা কোম্পানিটির শেয়ার বিক্রি করেছেন কি না, সেসব তথ্যও যাচাই করতে বলা হয়েছে।
এদিকে প্রগ্রেসিভ লাইফের আর্থিক সংকটের চিত্রও বেশ উদ্বেগজনক। ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৩ লাখ টাকা। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটির কাছে গ্রাহকদের মোট বিমা দাবি দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৯০ লাখ টাকা। অথচ এর বিপরীতে পরিশোধ করা হয়েছে মাত্র ১০ কোটি ৬৭ লাখ টাকা, যা মোট দাবির ৬ দশমিক ২৮ শতাংশ।
অর্থাৎ গ্রাহকদের ১৫৯ কোটি ২৩ লাখ টাকার বিমা দাবি এখনো অপরিশোধিত। পরিশোধের বাইরে রয়ে গেছে মোট দাবির ৯৩ দশমিক ৭২ শতাংশ।
বিপুল পরিমাণ বিমা দাবি পরিশোধে নগদ অর্থের সংস্থান করতে বেশ কিছুদিন ধরেই স্থাবর সম্পত্তি বিক্রির চেষ্টা করছে কোম্পানিটি। এর আগে ঢাকা ও মৌলভীবাজারে থাকা বিভিন্ন বাণিজ্যিক স্পেস, ফ্ল্যাট, পার্কিং ও জমি বিক্রির জন্য দরপত্র আহ্বান করে প্রগ্রেসিভ লাইফ।
বিক্রির জন্য তালিকাভুক্ত সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর কাকরাইলে নাভানা রহিম আর্ডেন্টের ফ্ল্যাট ও পার্কিং, বিজয়নগরের ইস্টার্ন আরজু কমপ্লেক্সের একাধিক ফ্লোরের কক্ষ, আফতাবনগরে ১৪ দশমিক ০৯ শতাংশ জমি এবং মৌলভীবাজারে ৩০ দশমিক ৯৫ শতাংশ জমি।
শুধু আর্থিক সংকটই নয়, আর্থিক তথ্য প্রকাশেও পিছিয়ে রয়েছে কোম্পানিটি। তালিকাভুক্তির বিধিমালা অনুযায়ী নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে কোম্পানিটির প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাচ্ছেন না। সর্বশেষ ২০২০-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর থেকে পরবর্তী সময়ের আর্থিক চিত্রও যথাযথভাবে সামনে আসেনি।
সব মিলিয়ে একদিকে বিপুল পরিমাণ বিমা দাবি অপরিশোধিত, অন্যদিকে আর্থিক প্রতিবেদন প্রকাশে অনিয়ম—এমন পরিস্থিতিতে ১৪ কোটি ৫২ লাখ টাকার জমি বিক্রির সিদ্ধান্ত নতুন করে নজরদারিতে এনেছে প্রগ্রেসিভ লাইফকে। এখন ডিএসইর তদন্তে জমি বিক্রির ক্রেতা, লেনদেনের শর্ত এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর থাকবে বিনিয়োগকারীদের।
























