ঢাকা   রোববার ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

ব্যাংকের টাকায় শেয়ার কারসাজি! সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম তদন্তে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ১৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ব্যাংকের টাকায় শেয়ার কারসাজি! সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম তদন্তে

ব্যাংকের নিজস্ব বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্যক্তিগত মুনাফা অর্জনের অভিযোগ উঠেছে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে ব্যাংকটির তিন উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) পাঁচ কর্মকর্তার শেয়ার লেনদেনে অনিয়মের তথ্য উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, কম দামে শেয়ার কিনে পরে ব্যাংকের নিজস্ব তহবিলের কাছে বেশি দামে বিক্রি করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে ব্যাংকের বিনিয়োগ তহবিল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

বিএসইসির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ব্লক মার্কেটে বিশেষ লেনদেন এবং কাউন্টারপার্টি ট্রেডিংয়ের মাধ্যমে এসব অনিয়ম সংঘটিত হয়েছে। ব্যাংকের তৎকালীন ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ম্যানেজার মো. সানোয়ার খানের কার্যক্রমের মধ্য দিয়ে এ ঘটনার সূত্রপাত।

তদন্তে উঠে এসেছে, সানোয়ার খান ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বিও হিসাব ব্যবহার করে ব্যাংকের বিনিয়োগ তহবিলের বিপরীতে সরাসরি শেয়ার লেনদেন করেছেন। অগ্নি সিস্টেমসসহ বিভিন্ন কোম্পানির শেয়ার কম দামে কিনে ব্যাংকের কাছে বেশি দামে বিক্রির মাধ্যমে তাঁরা কোটি টাকার বেশি অনৈতিক মুনাফা করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সানোয়ার খানকে চাকরিচ্যুত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে তদন্তে উঠে আসা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তদন্ত প্রতিবেদনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ব্যাংকটির তিন ডিএমডির নাম। তাঁদের মধ্যে এ কে এম সাইফ উল্লাহ কাওছারের বিরুদ্ধে লাভেলো আইসক্রিম ও মিডল্যান্ড ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের মাধ্যমে প্রায় ২৩ লাখ টাকা অন্যায্য মুনাফা অর্জনের অভিযোগ রয়েছে।

একই ধরনের লেনদেনের মাধ্যমে অপর দুই ডিএমডি মোহাম্মদ মাহমুদ গনি ও মো. আশানুর রহমানও লাখ লাখ টাকা ব্যক্তিগত মুনাফা করেছেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

তবে অভিযোগের পরিণতি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তদন্তের ভিত্তিতে সানোয়ার খানকে বিভিন্ন অঙ্কের জরিমানা এবং সিটি ব্যাংককে মাত্র ১ লাখ টাকা জরিমানা করা হলেও অভিযুক্ত তিন ডিএমডির বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পাওয়া সিটি ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও করপোরেট সুশাসন নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক গত বছর ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি পাওয়ার প্রেক্ষাপটে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রতিষ্ঠানটির ভাবমূর্তির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, তদন্তের ভিত্তিতেই জরিমানা করা হয়েছে। সিটি ব্যাংকের পক্ষ থেকে করা রিভিউ আবেদন বর্তমানে কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে ব্যাংকের নিজস্ব বিনিয়োগ তহবিলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত শেয়ার লেনদেনের অভিযোগ আর্থিক খাতের সুশাসন নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। এখন বিএসইসির রিভিউ প্রক্রিয়া এবং বাংলাদেশ ব্যাংকের সম্ভাব্য পদক্ষেপের দিকে নজর থাকবে বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট মহলের।

সর্বশেষ