ধারাবাহিক দরপতনের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। সূচক ও লেনদেনের পরিমাণ বাড়লেও সেই ইতিবাচক প্রবণতার প্রতিফলন নেই অধিকাংশ শেয়ারে। বরং দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার। এতে স্পষ্ট, বাজারে ক্রয়চাপ কিছুটা বাড়লেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো স্বস্তি ফেরেনি। ভবিষ্যৎ বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকায় নতুন বিনিয়োগে সতর্ক অবস্থানেই রয়েছেন তাঁরা।
বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের দরপতন বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের আঘাত করেছে। একসময় স্থিতিশীল অবস্থানে থাকা বাজার ধারাবাহিক পতনে দুর্বল হয়ে পড়ায় অনেক বিনিয়োগকারী নতুন করে অর্থ বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন। ফলে দরপতনের গতি কমলেও বাজারে স্বাভাবিক বিনিয়োগ পরিবেশ ফিরতে সময় লাগবে।
তাঁদের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শুধু সূচকের উত্থান যথেষ্ট নয়। বাজারে অনিয়ম ও কারসাজি বন্ধে কার্যকর নজরদারি, দায়ীদের শনাক্ত করা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপ দৃশ্যমান হলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে পারে।
এর মধ্যেই সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক ঊর্ধ্বমুখী ছিল। বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণও। তবে সূচকের এই উত্থানের বিপরীতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ বেড়েছে ১৮ দশমিক ৭০ পয়েন্ট। দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ২ হাজার ৭৮ দশমিক ১০ পয়েন্টে।
তবে সূচকের উত্থানেও বাজারের সার্বিক চিত্র ছিল কিছুটা ভিন্ন। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ১৩৩টির। বিপরীতে ২১০টির দর কমেছে এবং ৩৭টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। অর্থাৎ দরবৃদ্ধির তুলনায় দরপতনের শিকার প্রতিষ্ঠানের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।
লেনদেনের পরিমাণেও কিছুটা গতি ফিরেছে। দিনটিতে ডিএসইতে মোট ৭৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৬৯৯ কোটি ১ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪০ কোটি ২২ লাখ টাকা।
অন্যদিকে, দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের চিত্র ছিল উল্টো। সেখানে দিনভর ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১৯ কোটি ৪২ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।
সিএসইতে মোট ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দর বেড়েছে, ৮৩টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল।
তবে লেনদেন কমলেও সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ঊর্ধ্বমুখী ছিল। দিন শেষে সূচকটি ৪০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০২ দশমিক ৬৯ পয়েন্টে। এর আগের কার্যদিবসেও সূচকটি ৩৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছিল।
























