আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে সরাসরি অর্থ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রচলিত বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমানো এবং অর্থায়নের নতুন উৎস তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে আয়োজিত ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’-এর সংবাদ ব্রিফিংয়ে সরকারের এ পরিকল্পনার কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে তিনি সম্মেলনের উদ্বোধন করেন। অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি বলেন, দেশের বেসরকারি খাত দীর্ঘদিন ধরে মূলত ব্যাংকনির্ভর ঋণ ব্যবস্থার ওপর নির্ভরশীল। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ কিংবা বন্ড ইস্যুর প্রবণতা না থাকায় ব্যাংকগুলোর ওপর ঋণ সরবরাহের চাপ বেড়েছে।
তিনি জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে নিউইয়র্ক ও লন্ডনের বাজার বিবেচনায় রয়েছে। তবে প্রথম দফায় কী পরিমাণ বন্ড ছাড়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
অর্থমন্ত্রী বলেন, শুধু অভ্যন্তরীণ বাজার থেকে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করে উন্নয়ন প্রকল্পগুলোর বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করা সম্ভব নয়। এ কারণে আন্তর্জাতিক বাজারসহ অর্থায়নের বিকল্প উৎসগুলো কাজে লাগাতে চায় সরকার।
এ সময় সরকারের ভবিষ্যৎ অর্থায়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ার পাশাপাশি হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড চালুর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের অভ্যন্তরীণ বাজারে সুকুক বন্ড ছাড়ার উদ্যোগ নেওয়া হবে।
সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে সরাসরি অর্থ সংগ্রহের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি বৈদেশিক অর্থায়নের উৎসে বৈচিত্র্য আসবে এবং উন্নয়ন প্রকল্পের জন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহে নতুন পথ উন্মুক্ত হতে পারে।
























