সফটওয়্যার জটিলতায় দেশের প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। আঙুলের ছাপের মান কমে যাওয়া এবং অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব এনআইডি লক হয়েছে। এ সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার তৈরির কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের সময় আঙুলের ছাপের মান কম পাওয়া কিংবা অন্য নাগরিকের আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া গেলে নিরাপত্তার স্বার্থে এনআইডি লক হয়ে যাচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট নাগরিকেরা।
এ সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সফটওয়্যার চালু হলে উপজেলা পর্যায় থেকেই লক হওয়া এনআইডির সমস্যা সমাধান করা সম্ভব হবে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান পাওয়া যাবে। বর্তমানে যেসব নাগরিক তাঁদের এনআইডি লক হওয়ার বিষয়টি জানাচ্ছেন, তাঁদের পরিচয় যাচাই করে আনলক করে দেওয়া হচ্ছে।
























