ঢাকা   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

গ্যাসের দাম বাড়েনি, বেশি দামে কিনছে সরকার: সংসদে জ্বালানিমন্ত্রী

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:১৩, ১২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

গ্যাসের দাম বাড়েনি, বেশি দামে কিনছে সরকার: সংসদে জ্বালানিমন্ত্রী

সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে সরকারকে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখা ও গৃহস্থালিতে সরবরাহ স্বাভাবিক রাখতে এই বাড়তি দামে গ্যাস আমদানি করা হচ্ছে। পাশাপাশি গৃহস্থালিতে গ্যাসের চাহিদা মেটাতে বায়োগ্যাসভিত্তিক বিভিন্ন প্রকল্পও হাতে নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।

সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা তাঁর প্রশ্নে বলেন, গ্যাস সংকটের কারণে দেশের অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাসের দাম বাড়ানো হলেও গ্রাহকেরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। এমনকি গ্যাস না পেয়েও তাঁদের বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় গৃহস্থালির গ্যাস সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজার থেকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে গ্যাস সরবরাহের জন্য সরকার এসব গ্যাস কিনছে। তবে এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।

এলপিজির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো এই জ্বালানি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এর দাম নির্ধারণ করা হয়। ফলে এ ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা নেই।

বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহের পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাস উৎপাদনের জন্যও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের আওতায় উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে।

সর্বশেষ