ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে সরকারের কোনো মনোযোগ নেই। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তিনি আসিব আসিব বলেন। একবার বলেছেন, নভেম্বরে আসবেন। একবার বলেন, ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। ভারত জানিয়েছে, তারা আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরা ষড়যন্ত্র করছেন এবং সরকারের কঠোর নজরদারিতে রয়েছেন। ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত, অভিযোগপত্র দাখিল ও বিচারিক কার্যক্রম শেষ হলে আদালত যে রায় দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের পরও আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণের পরও যাঁরা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁরা কেউ শ্রমিক নন। তাঁদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই। এসব আন্দোলনের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
দেশের বিভিন্ন স্থানে লকডাউন ও শাটডাউন কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট শক্তি এসব কর্মসূচি দিচ্ছে। তবে দেশের মানুষ তা করতে দেবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে সরকার কৌশলগতভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। তবে কেউ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে, তারা কখনো রাজনীতি করতে পারেনি, ফিরতেও পারেনি। তারাও ভবিষ্যতে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো ধরনের প্রাণহানি ছাড়াই গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। তবে কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
























