গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়ে বিএনপির আরও ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ নিয়ে উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের পদত্যাগের ঘোষণা দেওয়া নেতা-কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ওই ছয় নেতা।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহকৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং ইউনিয়ন বিএনপির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ ছাড়া ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকবেন না বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তাঁরা।
ছয় নেতার পদত্যাগের বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এর আগে গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া এবং পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া পুড়িয়ে দেওয়া হয় বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়ি।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি ও প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতা-কর্মী সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
এর ধারাবাহিকতায় নতুন করে আরও ছয় নেতার পদত্যাগের ঘোষণায় মোট সংখ্যা দাঁড়াল ১৯ জনে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের বলেন, ‘আজ টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগের বিষয়ে আমার জানা নেই। তবে এর আগে কয়েকজন পদত্যাগ করেছেন বলে লোকমুখে শুনেছি।’
























