প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাঁর সঙ্গে বৈঠকে বসছে দলটির চার সদস্যের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে আগামীকালের বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ করবেন প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। তাঁর দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য তিন সদস্যের নাম আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গতকাল শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।
বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে এনসিপি। তবে দলটির মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার।
এদিকে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এনসিপির সঙ্গে বৈঠক আয়োজনের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়।
























