ঢাকা   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

তিন ফল আমদানিতে বড় ছাড়, কমবে শুল্ক-কর

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৪৬, ২৫ নভেম্বর ২০২৬

তিন ফল আমদানিতে বড় ছাড়, কমবে শুল্ক-কর

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। এসব ফলের আমদানি সহজ করা এবং দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকদের খরচ কমার পাশাপাশি বাজারে ফলের সরবরাহ বাড়ার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাজা ও শুকনো খেজুর আমদানির ক্ষেত্রে ৫ শতাংশের বেশি আমদানি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বর্তমানে চার ধরনের খেজুর আমদানি করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৫ কেজি ওজনের প্যাকেটে মোড়কজাত বা কৌটাজাত তাজা ও শুকনো খেজুরসহ অন্যান্য শ্রেণির খেজুর রয়েছে।

এ ছাড়া কমলা ও আপেল আমদানির ক্ষেত্রেও নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক ও অগ্রিম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের বেশি এবং মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্কের ২০ শতাংশের বেশি অব্যাহতি দেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে খেজুর, কমলা ও আপেল আমদানিতে ব্যবসায়ীরা শুল্ক-কর সুবিধা পাবেন। একই সঙ্গে দেশের বাজারে এসব ফলের সরবরাহ স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হবে।