দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের শেয়ারবাজারের মিউচুয়াল ফান্ড খাতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক সংস্কার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিধিমালা সংশোধন, ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম চালু এবং মেয়াদি বা ক্লোজড-এন্ড ফান্ডকে বেমেয়াদি বা ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের উদ্যোগে খাতটিতে নতুন করে আশার সঞ্চার হচ্ছে।
মিউচুয়াল ফান্ড খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ২০২৫ সালের মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনার উদ্যোগ নিয়েছে বিএসইসি। এ লক্ষ্যে গত ২৮ অক্টোবর কমিশনের কার্যালয়ে স্টক এক্সচেঞ্জ, সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি ও কাস্টোডিয়ান প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক মানদণ্ড এবং বাজারসংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের আশা, এসব পরিবর্তনের ফলে মিউচুয়াল ফান্ড পরিচালনায় আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে।
অন্যদিকে, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে এগোচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা ও নগদায়নের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে বিনিয়োগকারীরা ঘরে বসেই ব্রোকারেজ হাউসের মাধ্যমে অনলাইনে ফান্ডের ইউনিট কেনাবেচা করতে পারবেন।
এতে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কার্যালয়ে সরাসরি যাওয়ার প্রয়োজন কমবে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের বিনিয়োগকারীদেরও মিউচুয়াল ফান্ডে অংশগ্রহণের সুযোগ বাড়বে। লেনদেনের গতি বাড়ার পাশাপাশি নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহি।
বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ফান্ডের সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ, নিয়মিত তথ্য প্রকাশ এবং অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে নজরদারি জোরদার করছে বিএসইসি। একই সঙ্গে কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে এর নিট সম্পদমূল্য বা এনএভি, বিনিয়োগ পোর্টফোলিও এবং আর্থিক ভিত্তি যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।
বাজার বিশ্লেষকদের মতে, দেশের সাধারণ বিনিয়োগকারীদের অনেকেরই শেয়ারবাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান কিংবা সরাসরি বিনিয়োগ পরিচালনার সময় নেই। তাদের জন্য পেশাদার সম্পদ ব্যবস্থাপকের মাধ্যমে ঝুঁকি বিবেচনায় বিনিয়োগের অন্যতম কার্যকর মাধ্যম হতে পারে মিউচুয়াল ফান্ড। তবে এ ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
সব মিলিয়ে নীতিগত সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং কাঠামোগত পরিবর্তনে দেশের মিউচুয়াল ফান্ড খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। তবে এসব উদ্যোগের সুফল পেতে শুধু বিধিমালা সংশোধনই যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, নিয়মিত ও আকর্ষণীয় লভ্যাংশ প্রদান এবং বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনা।
সংশ্লিষ্ট উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড আবারও বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের বিনিয়োগ মাধ্যম হয়ে উঠতে পারে।
























