ঢাকা   শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

ঋণখেলাপিদের বড় ছাড়, তবুও বাড়ছে খেলাপি ঋণ; শীর্ষে ৭ তালিকাভুক্ত ব্যাংক

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:১০, ২৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ঋণখেলাপিদের বড় ছাড়, তবুও বাড়ছে খেলাপি ঋণ; শীর্ষে ৭ তালিকাভুক্ত ব্যাংক

ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে দফায় দফায় পুনঃতফসিল ও সুদ মওকুফের সুবিধা দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রায় ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে দেশের ব্যাংকগুলো। এর মধ্যে শীর্ষ ১০ ব্যাংকই পুনঃতফসিল করেছে ১১ হাজার ৭০০ কোটি টাকার বেশি, যার সাতটিই শেয়ারবাজারে তালিকাভুক্ত। বিপুল অঙ্কের ঋণ পুনঃতফসিল ও সুদ মওকুফের পরও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকগুলো মোট ১৯ হাজার ৯৫৬ কোটি টাকার ঋণ পুনঃতফসিল বা নিয়মিত করেছে। অথচ একই সময়ে ব্যাংক খাতে নতুন করে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। জুনে খেলাপি ঋণ আরও বেড়ে হয় ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।

সবশেষ সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়। এটি ব্যাংক খাতের মোট বিতরণ করা ১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

পুনঃতফসিলে শীর্ষে ৭ তালিকাভুক্ত ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে সবচেয়ে বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি এ সময়ে ৩ হাজার ৩০ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে।

এরপর রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১ হাজার ৯৭৭ কোটি টাকা, এবি ব্যাংক ১ হাজার ২৫৯ কোটি, প্রাইম ব্যাংক ৯৯৬ কোটি, ট্রাস্ট ব্যাংক ৯৬৩ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৯৫৬ কোটি, এনসিসি ব্যাংক ৭২৮ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ৬৯৬ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৫৬৯ কোটি এবং ডাচ্-বাংলা ব্যাংক ৫২৯ কোটি টাকা।

শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে সাতটিই শেয়ারবাজারে তালিকাভুক্ত। ফলে এসব ব্যাংকের ঋণ পুনঃতফসিলের পরিমাণ ও আর্থিক অবস্থার বিষয়টি বিনিয়োগকারীদের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সুদ মওকুফেও তালিকাভুক্ত ব্যাংকগুলোর আধিপত্য

ঋণ পুনঃতফসিলের পাশাপাশি একই সময়ে খেলাপি ঋণের বিপরীতে ৭৮৪ কোটি টাকার সুদ মওকুফ করেছে ব্যাংকগুলো। এর মধ্যে ৬৩২ কোটি টাকাই মওকুফ করেছে শীর্ষ ১০ ব্যাংক। এই তালিকারও সাতটি ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত।

সুদ মওকুফে সবার ওপরে রয়েছে প্রাইম ব্যাংক। ব্যাংকটি ১৫০ কোটি টাকার সুদ মওকুফ করেছে। এরপর রয়েছে ইউসিবি ৭৮ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৭৪ কোটি, সোনালী ব্যাংক ৬৭ কোটি, ন্যাশনাল ব্যাংক ৬৬ কোটি, কৃষি ব্যাংক ৫৪ কোটি, জনতা ব্যাংক ৩৯ কোটি, সাউথ বাংলা ব্যাংক ৩৭ কোটি, পূবালী ব্যাংক ৩৬ কোটি এবং অগ্রণী ব্যাংক ৩৪ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, বিপুল পরিমাণ সুদ মওকুফের ফলে ঋণগ্রহীতাদের দায় কমলেও ব্যাংকগুলোর সম্ভাব্য আয় কমে যাচ্ছে। এতে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফা ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এত ছাড়ের পরও কেন বাড়ছে খেলাপি ঋণ?

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে পুনঃতফসিলের শর্ত শিথিল করেছে। স্বাভাবিক নিয়মে সাড়ে ৪ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ সাত বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ থাকলেও ২০২৫ সালের সেপ্টেম্বরে ডাউন পেমেন্ট কমিয়ে ২ শতাংশ করা হয়।

পরে নভেম্বরে ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে আরও ছাড় দিয়ে শুরুতে মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্ট জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। বাকি ১ শতাংশ ছয় মাসের মধ্যে পরিশোধের শর্ত রাখা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, অনেক ঋণগ্রহীতা পরবর্তী সময়ে বাকি ১ শতাংশ অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। ফলে তাঁরা আবারও খেলাপি হয়ে পড়েছেন। এ ছাড়া পুরোনো ঋণের অনাদায়ী সুদ মূল ঋণের সঙ্গে যুক্ত হওয়ায় খেলাপি ঋণের অঙ্ক আরও বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০২৪ সালে ৮৫ হাজার ৬৭৯ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। ২০২৫ সালে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকায়। তবে পুনঃতফসিল করা ঋণের বড় একটি অংশ পরবর্তী সময়ে আবারও খেলাপি হয়ে পড়েছে।

অনিয়ম, অর্থ পাচার ও ব্যবসায়িক মন্দায় আটকে ঋণ আদায়

আর্থিক খাতের বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের পরিশোধের সক্ষমতা ও সদিচ্ছা যথাযথভাবে যাচাই না করে বারবার ছাড় দেওয়ায় অনেকেই ঋণ পরিশোধের পরিবর্তে সময়ক্ষেপণের সুযোগ পাচ্ছেন।

ব্যাংকারদের ভাষ্য, পর্যাপ্ত জামানত ছাড়া এবং যথাযথ যাচাই-বাছাই না করে অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ এখন ব্যাংকগুলোর জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেক ঋণগ্রহীতা ঋণের অর্থ অন্য খাতে সরিয়ে নিয়েছেন কিংবা বিদেশে পাচার করেছেন। ফলে এসব অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

এ ছাড়া ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ী দেশ ছেড়ে পালিয়েছেন অথবা আত্মগোপনে চলে গেছেন। তাঁদের অনেকের ব্যবসা-বাণিজ্য সংকুচিত কিংবা বন্ধ হয়ে যাওয়ায় ঋণ আদায় বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক মন্থরগতিও ঋণ আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে।

সব মিলিয়ে বারবার পুনঃতফসিল, ডাউন পেমেন্ট কমানো এবং সুদ মওকুফের মতো সুবিধা দিয়েও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনতে পারছে না ব্যাংকগুলো। বরং ঋণখেলাপির পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতা এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ভবিষ্যৎ মুনাফা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে।

সর্বশেষ