ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশে সময়সীমা বেঁধে দিল পিএসসি

চাকরি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪০, ২৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশে সময়সীমা বেঁধে দিল পিএসসি

৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

সোমবার (২৩ নভেম্বর) পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমানুসারে বিন্যস্ত করা হবে। পাশাপাশি প্রতিটি কক্ষের জন্য দৈবচয়ন পদ্ধতিতে পরীক্ষার্থীদের আসন নির্ধারণ করা হবে।

পিএসসি জানিয়েছে, এ প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের নিজ নিজ আসন ও কক্ষ খুঁজে নিতে কিছুটা সময় লাগতে পারে। এ কারণে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে ৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

দেশের সরকারি হাসপাতালগুলোয় তীব্র চিকিৎসক-সংকট মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন। এ পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী।

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে পিএসসির দেওয়া সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ