দেশে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আরেকটি শক্তি দাপট দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, দিল্লির ইশারায় একটি আধিপত্যবাদী শক্তি দেশে অপশক্তিকে আবারও সক্রিয় করে তুলছে। সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনাগুলো রাষ্ট্রের মধ্যে অন্য একটি শক্তির প্রভাব বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জে টানা সংঘর্ষ, অবরোধ, অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি ও থানায় আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে অতীতে অনেক রাজনৈতিক সহিংসতা ঘটলেও থানা থেকে পুলিশকে থালাবাসন, রাইফেল, বন্দুক ও বিছানাপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায়নি। অথচ এখন পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মিছিল থেকে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন জেলায় তাণ্ডব চালানোর ঘটনা ঘটছে। মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করা হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ডের অংশ কি না, তা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। গত ৮ থেকে ১০ দিনেও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। মানুষের জীবন, সম্পদ ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার নিন্দা জানান তিনি।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সংলাপ
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে বসে চা পান এবং আলোচনার প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরা একসঙ্গে বসেছেন। তবে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা কেউ প্রকাশ করেননি। গণমাধ্যমেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই সংলাপ যেন দেশ ও জাতির কল্যাণে হয়, সেই প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে ফ্যাসিবাদ ও অপশক্তির তাণ্ডব বন্ধ করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের ভিত্তিতে বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল। সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ হলে সেখানে গণভোটের রায়ের প্রতিফলন থাকতে হবে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, বিভিন্ন এনজিও ও সংস্থা বিদেশি অর্থায়নে শ্রমিকদের মজুরি নিয়ে নানা ধরনের হিসাব দিচ্ছে। কেউ ১৪ হাজার, আবার কেউ ১৮ হাজার টাকার কথা বলছে। কিন্তু বর্তমান উচ্চ দ্রব্যমূল্যের বাজারে এত কম মজুরিতে শ্রমিকদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও অভিযোগ করেন, কিছু অসাধু ট্রেড ইউনিয়ন নেতা মালিকদের কাছ থেকে চাঁদা ও বিভিন্ন সুবিধা নেন। কারখানায় অস্থিরতা তৈরির ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। এতে প্রকৃত শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প টিকিয়ে রাখতে হলে শ্রমিকদেরও বাঁচাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সংকট উত্তরণে সরকার, প্রশাসন, মালিক ও শ্রমিক—সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের নেতা এহসানুল মাহবুব জুবায়ের। শ্রমিকদের সঙ্গে নিয়ে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, দেশে শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ—কেউই নিরাপদ নন। বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। গত রাতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতেও হামলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। তিনি বলেন, দেশের শিল্প খাতে এখনো অস্থিরতা কমেনি। শ্রমিকদের বারবার আশ্বাস দেওয়া হলেও তাঁদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হচ্ছে না। এবার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
























