ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

আইপিএল নিলামে বাবা-ছেলে, নবীর ভিত্তিমূল্য ১ কোটি

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:১৬, ২৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

আইপিএল নিলামে বাবা-ছেলে, নবীর ভিত্তিমূল্য ১ কোটি

আসন্ন আইপিএল নিলামে নতুন আকর্ষণ হয়ে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ২০২৭ সালের আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাবা-ছেলে দুজনই। চূড়ান্ত তালিকায় জায়গা পেলে আইপিএলের ইতিহাসে একই নিলামে নাম তোলা প্রথম বাবা-ছেলে জুটি হবেন তাঁরা।

বাবা-ছেলের ভিত্তিমূল্যে অবশ্য রয়েছে পার্থক্য। ৪১ বছর বয়সী মোহাম্মদ নবী নিজের ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন ১ কোটি রুপি। অন্যদিকে, তাঁর ছেলে হাসান ইসাখিলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এর আগে তাঁদের নিবন্ধন ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

আইপিএলে মোহাম্মদ নবী অবশ্য বেশ পরিচিত মুখ। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই প্রতিযোগিতায় অভিষেক হয় তাঁর। পরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও। এখন পর্যন্ত আইপিএলে ২৪ ম্যাচ খেলে ২১৫ রান করার পাশাপাশি নিয়েছেন ১৫ উইকেট। অভিজ্ঞ এই স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়ে নিলামে আগ্রহ দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।

অন্যদিকে, ছেলে হাসান ইসাখিলের সামনে আইপিএলে খেলার প্রথম সুযোগ। ২০২৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এবার বিশ্বের অন্যতম বড় টি-টোয়েন্টি লিগের নিলামে নাম লিখিয়ে বাবার পথ অনুসরণের অপেক্ষায় রয়েছেন তরুণ এই ক্রিকেটার।

তবে বাবা-ছেলের একসঙ্গে খেলার অভিজ্ঞতা এরই মধ্যে হয়েছে। ২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একই দলে খেলেছেন তাঁরা। ১১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে দুজনই ছিলেন একাদশে।

সেদিন ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন হাসান। ৬০ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, মোহাম্মদ নবী করেন ১৩ বলে ১৭ রান। চতুর্থ উইকেটে বাবা-ছেলে মিলে মাত্র ৩০ বলে যোগ করেন ৫৩ রান। ছেলের হাতে নোয়াখালী এক্সপ্রেসের অভিষেক ক্যাপও তুলে দিয়েছিলেন বাবা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একই দলের হয়ে খেলা প্রথম বাবা-ছেলে জুটি হিসেবেও আলোচনায় আসেন তাঁরা।

এবার তাঁদের সামনে নতুন চ্যালেঞ্জ আইপিএল। তবে দুজনেরই চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া এখনো নিশ্চিত নয়।

আইপিএল ২০২৭-এর নিলামের জন্য মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ভারতীয় ৯৩৯ জন এবং বিদেশি ২৮১ জন। অথচ ১০টি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে সব মিলিয়ে মাত্র ৬৬টি। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।

মিনি নিলামের আগে দলগুলো মোট ১৮৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিবন্ধিত খেলোয়াড়দের প্রাথমিক তালিকা যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত নিলাম তালিকা।

সেই তালিকায় মোহাম্মদ নবী ও তাঁর ছেলে হাসান ইসাখিল—দুজনের নামই থাকে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।

সর্বশেষ