ঢাকা   মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

‘নতুন ফ্যাসিবাদ গড়তে চাইলে পালানোর পথও মিলবে না’—শফিকুর রহমান

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৬, ৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

‘নতুন ফ্যাসিবাদ গড়তে চাইলে পালানোর পথও মিলবে না’—শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে তার পালানোর পথও থাকবে না। একই সঙ্গে তিনি খুনি ও জুলুমবাজদের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, খুনি ও জুলুমবাজদের বিচার না হলে দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থানের ঝুঁকি তৈরি হবে। একটি ফ্যাসিবাদের জায়গায় আরেকটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হোক, তা তারা চান না। এ জন্য গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের ওপর তিনি জোর দেন।

তিনি অভিযোগ করেন, সরকার মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে সে পথে এগোচ্ছে না। সরকারি দলের প্রতি সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন নতুন ফ্যাসিবাদ সৃষ্টির দুঃসাহস না দেখায়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, বাংলাদেশের মানুষ কোনো ধরনের স্বৈরাচার, অন্যায় বা জুলুম মেনে নেয় না। তিনি দাবি করেন, ভবিষ্যতে কেউ দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিতে চাইলে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, একটি মহল জুলাইয়ের চেতনা মুছে ফেলার চেষ্টা করছে। পাশাপাশি ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিবির সংঘাত চায় না, তবে অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।

সর্বশেষ