ঢাকা   মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত হবে আদালতে: জাহেদ উর রহমান

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৪৯, ২৩ জুন ২০২৬

সর্বশেষ

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত হবে আদালতে: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটি স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত আদালতই নেবে। বিষয়টি বিচারাধীন থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন তিনি।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কয়েকটি মহানগর ও জেলায় সেনাবাহিনী মোতায়েন, বিভিন্ন রাজনৈতিক দলের মাঠে অবস্থান এবং সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মাঠে অবস্থান মূলত প্রতীকী (সিম্বলিক) কারণেই হয়ে থাকতে পারে।

তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, সে বিষয়ে বিচার শেষে সিদ্ধান্ত আসবে। তবে বিচার চলাকালে সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর আওতায় তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।”

উপদেষ্টা আরও বলেন, বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ বা বাস্তবায়নের চেষ্টা আইন লঙ্ঘনের শামিল হবে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকারের মূল্যায়নে আওয়ামী লীগের বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা নেই। তবে কিছু এলাকায় নাশকতার ঝুঁকি বিবেচনায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

তার ভাষায়, “সরকার মনে করে না যে আওয়ামী লীগ বড় কিছু করতে পারবে। তবে কিছু এলাকায় সীমিত নাশকতার আশঙ্কা থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও বলেন, যেসব জেলায় ঝুঁকি তুলনামূলক বেশি বলে বিবেচিত হয়েছে, সেসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা না থাকে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন  সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

সর্বশেষ