জাতীয় সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এবং দরজা-জানালায় পর্দা সরবরাহের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে মিজানুর রহমান বলেন, সংসদ সদস্যদের থাকার জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটগুলোতে এখনো দরজা-জানালার পর্দা লাগানো হয়নি। বিষয়টি উল্লেখ করে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, “আমরা শুনেছিলাম যে ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে। তাই পর্দার পাশাপাশি এসব সুবিধাও দ্রুত নিশ্চিত করার জন্য আপনার মাধ্যমে জোর দাবি জানাচ্ছি।”
তবে শুধু আবাসনসংক্রান্ত দাবিতেই সীমাবদ্ধ থাকেননি এই সংসদ সদস্য। বাজেটের বিভিন্ন দিক নিয়েও মতামত তুলে ধরেন তিনি।
মিজানুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটের আকার যেমন বড়, তেমনি এর ঘাটতির পরিমাণও উল্লেখযোগ্য। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি ও বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তার মতে, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ পাওয়া তুলনামূলকভাবে ভালো হলেও বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে সেই ঋণপ্রাপ্তি আগের মতো সহজ নয়।
তিনি আরও বলেন, ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ নেওয়া হলে তা ব্যাংক খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। বর্তমানে ঋণখেলাপির পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
























