ঢাকা   মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

বদলে গেল এয়ারটেলের নাম, নতুন ব্র্যান্ড ‘সার্কেল’

অফবিট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:০৬, ১৭ আগস্ট ২০২৬

বদলে গেল এয়ারটেলের নাম, নতুন ব্র্যান্ড ‘সার্কেল’

বাংলাদেশে মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেলের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এয়ারটেল পরিচিত হবে ‘সার্কেল’ নামে। নতুন ব্র্যান্ডটির স্লোগান— ‘আসল সংযোগ, সব সময় সচল’।

তবে নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সেবা ও সংযোগে কোনো পরিবর্তন আসছে না। এয়ারটেলের বর্তমান গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হয়ে যাবেন। তাদের ০১৬ সিরিজের মোবাইল নম্বর, ব্যালান্স, প্যাকেজ ও বিদ্যমান সেবাগুলো আগের মতোই থাকবে।

এ ছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস—এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যেও কোনো পরিবর্তন হবে না। নতুন করে সিম পরিবর্তনেরও প্রয়োজন নেই।

সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নতুন ব্র্যান্ডের ঘোষণা দেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।

তিনি বলেন, বাংলাদেশে এয়ারটেলের ১৬ বছরের যাত্রায় গ্রাহকদের জন্য ভালো নেটওয়ার্ক, আকর্ষণীয় অফার ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করা হয়েছে। সময়ের সঙ্গে প্রযুক্তি ও মানুষের ইন্টারনেট ব্যবহারের ধরন বদলে যাওয়ায় এয়ারটেলও নতুন পরিচয়ে এগিয়ে যাচ্ছে। তবে গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতি আগের মতোই থাকবে।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি কর্মকর্তা সাহেদ আলম বলেন, এয়ারটেল দীর্ঘ ১৬ বছর ধরে একটি প্রজন্মের কাছে আবেগের অংশ হয়ে ছিল। তবে নতুন প্রজন্মের যোগাযোগের ধরন ও চাহিদা বদলেছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন ব্র্যান্ড পরিচয় আনা হয়েছে।

তিনি বলেন, সার্কেল হবে আরও প্রাসঙ্গিক, গতিশীল এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার মতো একটি ব্র্যান্ড।

সিম পরিবর্তনের প্রয়োজন নেই জানিয়ে সার্কেলের হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডিজিটাল তাহসিনা রাফা বলেন, বাংলাদেশে রবি আজিয়াটার দুটি ব্র্যান্ড রয়েছে—রবি ও এয়ারটেল। তরুণদের জন্য তৈরি এয়ারটেল ব্র্যান্ডকে এখন নতুন পরিচয়ে ‘সার্কেল’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তিনি আরও জানান, সার্কেলের আওতায় গ্রাহকদের জন্য বাজারের প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় অফারগুলো চালু থাকবে।

অর্থাৎ এয়ারটেলের নাম ও ব্র্যান্ড পরিচয় বদলালেও গ্রাহকের নম্বর, সিম, ব্যালান্স ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন হচ্ছে না। নতুন পরিচয়ে এখন থেকে যাত্রা শুরু করছে ‘সার্কেল’।