সাধারণত কয়েক ইঞ্চি লম্বা মাংসের স্ন্যাকস ‘স্লিম জিম’ এবার তৈরি হয়েছে এমন বিশাল আকারে, যা দেখে অবাক হওয়ার মতো। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে তৈরি করা হয়েছে ৪২৯ ফুটেরও বেশি লম্বা একটি স্লিম জিম। আকারে এটি প্রায় একটি ফুটবল মাঠের সমান।
এই বিশাল স্ন্যাকসটি জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বের সবচেয়ে লম্বা মাংসের স্ন্যাকস হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি। যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কনাগ্রা ব্র্যান্ডস’ তৈরি করেছে রেকর্ড গড়া এই স্লিম জিম।
কনাগ্রার একটি কারখানায় উন্মোচন করা হয় বিশাল স্ন্যাকসটি। এর সঠিক দৈর্ঘ্য ৪২৯ ফুট ৫ দশমিক ৪ ইঞ্চি। শুধু আকারেই নয়, আগের রেকর্ড ভাঙার দিক থেকেও এটি নজর কেড়েছে। নতুন স্ন্যাকসটি আগের বিশ্ব রেকর্ডের তুলনায় প্রায় ১১৬ ফুট বেশি লম্বা।
এটি তৈরির পুরো প্রক্রিয়ায় কাজ করেছে কনাগ্রার বিশেষ ‘ব্লেজ ক্রু’ নামের একটি দল। দলের সদস্যদের লক্ষ্য ছিল শুধু দৈর্ঘ্যে রেকর্ড করা নয়; বিশাল আকার হলেও যেন স্লিম জিমের পরিচিত স্বাদ ও তৈরির মূল ফর্মুলায় কোনো পরিবর্তন না আসে, সেটিও নিশ্চিত করা।
এত বড় স্ন্যাকস তৈরি করার পর সেটি রাখাই হয়ে উঠেছিল বড় চ্যালেঞ্জ। সাধারণ কোনো পাত্রে এত লম্বা খাবার রাখা সম্ভব ছিল না। তাই প্রথমে বিশাল স্ন্যাকসটিকে একটি বড় তারের চাকায় পেঁচিয়ে রাখা হয়। পরে সেটিকে একাধিক টেবিলের ওপর লম্বালম্বিভাবে সাজানো হয়।
রেকর্ড যাচাই করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক। ফিতা দিয়ে পুরো স্ন্যাকসটির দৈর্ঘ্য পরিমাপ করার পর সেটিকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয়।
কনাগ্রা ব্র্যান্ডসের গবেষণা ও উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেস সোয়েলি বলেন, এই রেকর্ড গড়া স্লিম জিম তাঁদের দলের সৃজনশীলতা, বিশেষ দক্ষতা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন। কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও ভালোবাসাকে স্মরণীয়ভাবে উদ্যাপন করতেই তাঁরা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন।
রেকর্ড গড়ার পর বিশাল স্ন্যাকসটির বড় একটি অংশ সেখানে উপস্থিত কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ফলে বিশ্ব রেকর্ডের পাশাপাশি কর্মীদের জন্যও আয়োজনটি হয়ে ওঠে এক ব্যতিক্রমী উদ্যাপন।
























