ঢাকা   শনিবার ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

ব্যাংকিং সংকটে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধ

চাকরি

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ১ আগস্ট ২০২৬

ব্যাংকিং সংকটে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধ

ব্যাংকিং সহযোগিতার সংকট এবং ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামাল আমদানি দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল। মজুদ কাঁচামালও শেষ হয়ে যাওয়ায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের ১১টি শিল্প-কারখানায় উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী চাকরি হারিয়েছেন।

প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ছাঁটাইয়ের নোটিস দেওয়া হয়। নোটিস অনুযায়ী, ১ আগস্ট থেকে চাকরি থেকে অব্যাহতি কার্যকর হয়েছে। গতকাল থেকেই কারখানাগুলোর সব ধরনের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকায় অবস্থিত এস আলম গ্রুপের কয়েকটি কারখানাতেও শ্রমিক ও কর্মচারীদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বন্ধ হওয়া শিল্প-কারখানার মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস-এনওএফ, চেমন স্টিল, গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট এবং এস আলম ভেজিটেবল অয়েল।

কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের নোটিস বোর্ডে অব্যাহতি পাওয়া কর্মীদের তালিকা টানিয়ে দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১ আগস্ট থেকে সংশ্লিষ্টদের চাকরি শেষ হবে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই সীমিত কাঁচামাল দিয়ে উৎপাদন চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু নতুন করে কাঁচামাল আমদানি সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত সব উৎপাদন কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে ব্যাংকিং সহায়তা স্বাভাবিক হওয়া এবং এলসির মাধ্যমে কাঁচামাল আমদানি শুরু হলে ধাপে ধাপে কারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রফিকুল আলম বলেন, বর্তমানে কারখানার সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে কর্মীদের ধরে রাখা হলেও উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় তাদের কর্মস্থলে রাখার সুযোগ আর নেই।