৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত গুগল ফর্ম এখনো পূরণ না করা প্রার্থীদের আগামী ১২ অক্টোবরের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীদের একটি নির্ধারিত গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া কিছু প্রার্থী এখনো ফর্মটি জমা দেননি।
এ অবস্থায় নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে না পারা প্রার্থীদের কারণ উল্লেখ করে আগামী ১২ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট লিংকে গিয়ে গুগল ফর্মটি অবশ্যই জমা দিতে বলা হয়েছে।
পিএসসি জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তির অনুলিপি পিএসসি সচিবালয়ের সিস্টেম অ্যানালিস্ট ও জনসংযোগ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
























